‘লক্ষ্মী ভাণ্ডার’ প্রকল্পের টাকা তছরুপ, পুরসভার চুক্তিভিত্তিক কর্মীকে গ্রেপ্তার করলো পুলিশ

রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা তছরুপ ও আত্মসাতের অভিযোগে কলকাতা পুরসভার এক চুক্তিভিত্তিক কর্মীকে গ্রেপ্তার করেছে মুচিপাড়া থানার পুলিশ। ধৃতের নাম উমেশ কুমার দাস। অভিযোগ, গত প্রায় ৩৬ মাস ধরে তিনি এই প্রকল্পের অর্থ নয়ছয় করছেন।

কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক কর্মী উমেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অধীনে থাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যায়। এই সুবিধার জন্য আবেদনকারীদের নির্দিষ্ট নথি পূরণ করে আবেদন করতে হয়। অভিযোগ উঠেছে, ফর্ম পূরণের সময় আবেদনকারীদের আসল অ্যাকাউন্ট নম্বর বদলে দিয়ে প্রতারকদের নিজেদের অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেওয়া হতো। পুলিশ সন্দেহ করছে, এই চক্রের অন্যতম মূল হোতা উমেশ।

তদন্তে পুলিশের পদক্ষেপ
পুলিশ এখন সেইসব অ্যাকাউন্টের হদিশ খুঁজছে যেখানে প্রকৃত প্রাপকদের বদলে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ চলে গেছে। পাশাপাশি, এই চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত, তাদের নামও সামনে আনতে চাইছেন তদন্তকারীরা। উমেশকে জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে পুলিশ। অভিযুক্তকে ইতিমধ্যেই মুচিপাড়া থানা নিজেদের হেফাজতে নিয়েছে।

এই ঘটনায় রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা আশা করছেন, উমেশের মাধ্যমে এই বড়সড় প্রতারণা চক্রের মূল পান্ডাদের ধরতে পারবেন।