রাস্তার মাঝেই দু’টুকরো পাথর বোঝাই ট্রেলার, অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ

ভয়ংকর দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বহু মানুষ। অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রেলার চলন্ত অবস্থায় হঠাৎই দু’টুকরো হয়ে গেল। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ধূপগুড়ি শহরের চৌপথি মোড়ে এশিয়ান হাইওয়ের উপর।
জয়গাঁ থেকে জলপাইগুড়ির উদ্দেশে যাচ্ছিল পাথর বোঝাই একটি ট্রেলার। ধূপগুড়ি মোড়ে পৌঁছতেই চলন্ত অবস্থায় ট্রেলারটির মাঝখানের লক ভেঙে যায়। সঙ্গে সঙ্গে সামনের ইঞ্জিন অংশটি মূল গাড়ি থেকে আলাদা হয়ে যায় এবং পেছনের পাথর বোঝাই অংশটি রাস্তার মাঝখানে পড়ে থাকে।
এই ঘটনার ফলে দীর্ঘ সময় ধরে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, অতিরিক্ত মাল বোঝাই করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার সময় ট্রেলারটির পেছনে আরও অনেক ভারী গাড়ি এবং ছোট ছোট যানবাহন চলছিল। অল্পের জন্য কেউ হতাহত হননি। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন যে, সামান্য এদিক-ওদিক হলেই বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত।
এই দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রেলারটি আটক করে। শহরবাসী অভিযোগ করছেন যে, অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে শুধু রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়ছে।