রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ‘হায়দ্রাবাদের কানিশকা ফ্যাশন জুয়েলারিতে বিধ্বংসী আগুন, ক্ষতি কোটি টাকার

হায়দ্রাবাদের বেগম বাজার এলাকায় একটি জুয়েলারি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪:৩৫ মিনিট নাগাদ ‘কানিশকা ফ্যাশন জুয়েলারি’ নামে ওই দোকানে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, দোকানের বিপুল সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।

দমকল বাহিনী সূত্রে খবর, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, বন্ধ থাকা পাঁচ তলা বিল্ডিংটির দুটি ফ্লোরে রাখা জুয়েলারি সামগ্রী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি দমকল কেন্দ্রের (গৌলিগুড়া, ইয়াকুতপুরা এবং হাইকোর্ট) কর্মীরা প্রায় রাত ৮টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

গৌলিগুড়া ফায়ার স্টেশনের এক আধিকারিক সিয়াসত ডট কমকে জানান, “বিল্ডিংটি জি+৫ কাঠামোযুক্ত এবং আগুন সমস্ত ফ্লোরে ছড়িয়ে পড়েছিল। তবে শুধুমাত্র প্রথম এবং নিচতলায় জুয়েলারি রাখা ছিল, যা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

প্রাথমিক অনুমান, এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এবং মোট ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।