রাজ্যে স্থগিত হয়ে গেল MBBS-র ভর্তি, OBC জটে অনিশ্চিত হাজারো পড়ুয়ার ভবিষ্যৎ

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে রাজ্যে এমবিবিএস এবং বিডিএস (ডেন্টাল) কোর্সের ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই আকস্মিক সিদ্ধান্তে প্রায় ১১ হাজার মেধাবী ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
গত সপ্তাহ থেকেই এমবিবিএস ও বিডিএস কোর্সের জন্য কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রাথমিক ধাপ হিসেবে ছাত্রছাত্রীরা তাদের পছন্দের কলেজগুলির নাম জমা দিয়েছিলেন, যার ফল বুধবার প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে স্বাস্থ্য দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়।
ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
এই সিদ্ধান্তের ফলে রাজ্যের মেডিক্যাল ছাত্রছাত্রীরা অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সারা দেশে মেডিক্যাল কোর্সের পড়াশোনা ও পরীক্ষা ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC)-এর নির্দেশিকা মেনে প্রায় একই সময়ে অনুষ্ঠিত হয়। বাংলার এই বিলম্বিত প্রক্রিয়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে সমস্যা তৈরি করতে পারে, বিশেষত ইন্টার্নশিপ ও চাকরির ক্ষেত্রে।
চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “যে সমস্ত পড়ুয়ারা পাশ করে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, তারা হতাশ হয়ে পড়বেন। শিক্ষাক্ষেত্রে একটি অরাজকতার পরিবেশ তৈরি হবে।” তিনি আরও বলেন, সেশন দেরিতে শুরু হলে পরবর্তী জীবনে বিভিন্ন সমস্যা হতে পারে।
দুর্নীতির আশঙ্কা
ভর্তি প্রক্রিয়া দেরিতে শুরু হলে অনেক মেধাবী শিক্ষার্থী রাজ্যের বাইরে চলে যেতে পারেন। ফলে রাজ্যের আসন ফাঁকা থাকবে এবং এতে দুর্নীতির সুযোগ সৃষ্টি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন উৎপল বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আসন ফাঁকা থাকলে টাকা নিয়ে র্যাঙ্ক জাম্প করিয়ে পড়ুয়া ভর্তি করানো হতে পারে।”
একদিকে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের তারিখ এখনও অনিশ্চিত। অন্যদিকে, নিট-এর ফল প্রকাশিত হলেও রাজ্যের ভর্তি প্রক্রিয়া আটকে গেল। এই উভয় ক্ষেত্রেই ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।