পশ্চিমবঙ্গের প্রশাসনিক অলিন্দে এখন একটাই চর্চা— অবৈধ টোল আদায় ও বেআইনি ড্রপ গেট নিয়ে নয়া মুখ্যসচিবের হাড়হিম করা নির্দেশিকা। রাজ্যের মুখ্যসচিব পদে দায়িত্ব গ্রহণ করার পরেই দুর্নীতির বিরুদ্ধে কড়া হাতে ব্যাটন ধরলেন মনোজ কুমার আগরওয়াল। মঙ্গলবার তাঁর জারি করা এক বিশেষ নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি অনুমোদন ছাড়া রাজ্যের কোথাও কোনো টোল গেট, ড্রপ গেট বা ব্যারিকেড রাখা যাবে না।
দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে, রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ করে গ্রামীন ও রাজ্য সড়কগুলিতে অবৈধভাবে ব্যারিকেড বসিয়ে সাধারণ মানুষের থেকে টাকা আদায় করা হচ্ছিল। অনেক ক্ষেত্রে এই সব বেআইনি আদায় কেন্দ্রের আড়ালে সক্রিয় ছিল প্রভাবশালী সিন্ডিকেট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এবার সেই প্রথা সমূলে উৎপাটন করতে মরিয়া।
মুখ্যসচিবের নির্দেশিকায় যা যা বলা হয়েছে:
তৎক্ষণাৎ ব্যবস্থা: রাজ্যের বিভিন্ন জেলায় যে সমস্ত টোল গেট বা ড্রপ গেট সরকারি ছাড়পত্র ছাড়া চলছে, সেগুলি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিহ্নিতকরণ: সংশ্লিষ্ট জেলাশাসকদের (DM) নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের এলাকায় কতগুলি বৈধ এবং কতগুলি অবৈধ আদায় কেন্দ্র রয়েছে, তার দ্রুত তালিকা তৈরি করতে।
কড়া নজরদারি: ভবিষ্যতে যাতে নতুন করে কোনো অনুমোদনহীন ব্যারিকেড বা টোল গেট গড়ে উঠতে না পারে, তার দায়িত্ব নিতে হবে জেলা প্রশাসনকে।
টাকা আদায় নিষিদ্ধ: অবৈধ কেন্দ্রগুলি থেকে ফি, চার্জ বা কোনো ধরনের লেভি আদায় করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
নবান্ন সূত্রে খবর, এই প্রক্রিয়া কেবল মুখের কথায় সীমাবদ্ধ থাকছে না। আগামী ১৫ মে দুপুর ১২টার মধ্যে সমস্ত জেলার বৈধ ও অবৈধ টোল সংগ্রহ কেন্দ্রের পূর্ণাঙ্গ রিপোর্ট ‘আন্ডার সেক্রেটারি’র কাছে জমা দেওয়ার কড়া ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করতে হবে— কোন সংস্থা টোল আদায় করছে, তাদের টেন্ডারের মেয়াদ কতদিন এবং কার অনুমতিতে এই সংগ্রহ চলছে।
প্রশাসনিক মহলের মতে, এই পদক্ষেপ সাধারণ মানুষের পকেটে টান পড়া আটকাবে এবং পণ্যবাহী লরি বা গাড়ির চালকদের হেনস্থা বন্ধ করবে। মুখ্যসচিব সাফ জানিয়ে দিয়েছেন, এই আদেশ অমান্য করা হলে সংশ্লিষ্ট আধিকারিক বা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। শুভেন্দু অধিকারীর সরকার ক্ষমতায় আসার পর থেকেই স্বচ্ছ প্রশাসনের যে বার্তা দিয়ে আসছিল, এই নির্দেশিকা তাকেই আরও শক্তিশালী করল।





