জম্মু-কাশ্মীরের রাজৌরির দোরিমাল জঙ্গলে ফের সক্রিয় জঙ্গিরা। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করতেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। অন্তত ২-৩ জন জঙ্গি জঙ্গলে লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গোটা এলাকা ঘিরে ফেলে সেনার বিশাল বাহিনী তল্লাশি জোরদার করেছে। গত ফেব্রুয়ারিতে কিস্তওয়ার থেকে জঙ্গি নেটওয়ার্ক পুরোপুরি নির্মূল করার ঘোষণা করেছিল সেনা। জয়শ কমান্ডার সইফউল্লা সহ বেশ কয়েকজন জঙ্গি খতম হওয়ার পর উপত্যকায় কিছুটা স্বস্তি ফিরলেও, নতুন করে রাজৌরিতে সংঘর্ষ উদ্বেগ বাড়িয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তানকে কড়া বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। গত সপ্তাহে এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ না করে, তবে তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। সেনাপ্রধানের কথায়, “পাকিস্তানকে এবার ঠিক করতে হবে, তারা ভবিষ্যতে ভূগোলের অংশ থাকতে চায় নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যেতে চায়।” অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তির পরেই সেনাপ্রধানের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ভারত এখন আর কোনো আপস করতে রাজি নয়, বরং সন্ত্রাসবাদ দমনে সেনার নীতি এখন ‘জিরো টলারেন্স’। রাজৌরির এই এনকাউন্টার প্রমাণ করে, কাশ্মীরকে ফের অশান্ত করার চেষ্টা ব্যর্থ করতে বদ্ধপরিকর ভারতীয় সেনাবাহিনী।





