রাজভবনে বোম স্কোয়াড! সাংসদ কল্যাণের দাবিতে চরম পদক্ষেপ রাজ্যপালের, CRPF-কে নিয়ে শুরু হল তল্লাশি

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা চাঞ্চল্যকর মন্তব্যের জেরে রাজভবন ও শাসকদলের সংঘাত এবার চরম আকার ধারণ করল। সাংসদের অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনের অন্দরে তল্লাশির জন্য বম্ব স্কোয়াড, সিআরপিএফ (CRPF) এবং কলকাতা পুলিশকে ডেকে পাঠালেন। যৌথ উদ্যোগে রাজভবনের ভেতরে কোনো আগ্নেয়াস্ত্র বা বোমা মজুত আছে কি না, তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন? শনিবার চুঁচুড়ায় তৃণমূলের আইনি সেলের একটি সভায় দাঁড়িয়ে তিনি বিস্ফোরক অভিযোগ তোলেন। রাজ্যপালের ‘ব্যালটে ভোট’-এর মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, “রাজ্যপালকে আগে বলুন যেন উনি বিজেপির ক্রিমিনালদের রাজভবনে ঠাঁই দেওয়া বন্ধ করেন। রাজভবনে বসে ক্রিমিনালদের ডাকছেন। সবার হাতে একটা বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন। দিয়ে বলছেন, তৃণমূলকে মেরে এসো।” উল্লেখ্য, এই মন্তব্যের আগেই রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস বলেছিলেন, “বাংলায় ব্যালটে ভোট হওয়া উচিত, বুলেটে নয়।”

সাংসদের এই মন্তব্যের পরই রাজভবনের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়, এই দাবি যদি ভুয়ো প্রমাণিত হয়, তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এরপরই নাটকীয়ভাবে সোমবার সকালে রাজভবনের তরফে ঘোষণা করা হয় যে, ১০০ জনের মধ্যে সীমিত সংখ্যক সাংসদ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকদের জন্য রাজভবন খুলে দেওয়া হবে, যাতে তাঁরা সরেজমিনে দেখতে পারেন আদৌ কোনো অস্ত্র বা গোলাবারুদ রাখা আছে কি না। এর কয়েক ঘণ্টা পরই চূড়ান্ত পদক্ষেপ নিয়ে বোমা খুঁজতে তলব করা হয় বম্ব স্কোয়াডকে। রাজনৈতিক মহলের মতে, রাজ্যপাল বোস এই তল্লাশির মাধ্যমে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে কার্যত চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছেন।