রহস্যে মোড়া মৃত্যু! সল্টলেকে একই ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর মৃতদেহ, তদন্তে পুলিশ!

সল্টলেকের এ ই (AE) ব্লকের একটি বাড়ি থেকে ষাটোর্ধ্ব এক দম্পতির রহস্যমৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার সল্টলেকের ওই বাড়িটির শোওয়ার ঘর থেকেই সজলকুমার কুণ্ডু (৬৪) এবং তাঁর স্ত্রী রঞ্জনা কুণ্ডু (৬১)-র নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। এই মর্মান্তিক ও রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও গভীর আতঙ্ক তৈরি হয়েছে।

ঠিক কী অবস্থায় মিলেছে দেহ দুটি?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রী দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। শোওয়ার ঘরের খাটের একপাশে উপুড় হয়ে পড়েছিলেন স্ত্রী রঞ্জনা কুণ্ডু। অন্যদিকে, সজলকুমার কুণ্ডুর দেহটি এমন অবস্থায় ছিল যেখানে তাঁর শরীরের অর্ধেকাংশ বিছানায় থাকলেও পা দুটি ঝুলছিল মাটিতে।

প্রাথমিকভাবে ঠিক কী কারণে এই মৃত্যু হলো এবং এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে। দম্পতির এই রহস্যমৃত্যুর নেপথ্যে খুন নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা জানতে পারবেশে ফরেন্সিক ও পুলিশি তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে ওয়াকিবহাল মহল।