ভোটের ময়দানে এবার টক্কর আইপিএস বনাম সাংসদের! দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক তথা উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ অজয় পাল শর্মা (Ajay Pal Sharma)-কে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ফলতার তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ ওঠার ২৪ ঘণ্টার মধ্যেই অজয় পালের দুটি পুরনো ও চটুল ভিডিও শেয়ার করে সরাসরি আক্রমণ শানালেন কৃষ্ণনগরের প্রার্থী।
কী আছে মহুয়ার সেই পোস্টে?
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘X’-এ (সাবেক টুইটার) মহুয়া মৈত্র দুটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে চটুল হিন্দি গানের তালে স্বল্পবসনা নর্তকীদের সঙ্গে পা মেলাচ্ছেন আইপিএস অজয় পাল শর্মা। ভিডিওর ক্যাপশনে মহুয়া তীব্র বিদ্রুপ করে লিখেছেন:
“ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া… তোমাকে ‘ফ্যান্টাকপ’ স্টাইলে ফুর্তি করতে দেখে খুব ভালো লাগল। আশা করি আপনার পুলিশি দক্ষতা আপনার নাচের দক্ষতার চেয়ে ভালো হবে।” পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, “বাংলা মানেই সর্বদা তৃণমূল, তাই ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুন।” (দ্রষ্টব্য: এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ডিজিটাল টিম)।
কেন টার্গেটে যোগীরাজ্যের ‘সিংহাম’?
২০১১ ব্যাচের এই আইপিএস আধিকারিক উত্তরপ্রদেশে অপরাধীদের কাছে ত্রাস হিসেবে পরিচিত। নির্বাচন কমিশন তাঁকে বঙ্গে পাঠিয়েছে স্পর্শকাতর এলাকায় শান্তি বজায় রাখতে। সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হানা দেন তিনি। অভিযোগ, সেখানে উপস্থিত কর্মী-সমর্থকদের আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দেন অজয় পাল। এর পরেই তৃণমূল প্রার্থী পাল্টা তোপ দেগে বলেন, “অজয় বাবু নিজেকে ইউপির সিংহাম ভাবলেও তাঁর হাবভাব ঠিক পুষ্পা সিনেমার মতো!”
কে এই অজয় পাল শর্মা?
যোগ্যতা: পেশায় ডেন্টাল সার্জন (BDS) থেকে আইপিএস হওয়া অজয় পাল বর্তমানে প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনার।
পরিচিতি: উত্তরপ্রদেশের মাফিয়া মহলে তিনি ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ নামেই পরিচিত। কথিত আছে, তিনি কথার চেয়ে গুলিতেই বেশি বিশ্বাস করেন।





