রক্তারক্তি কাণ্ড নবদ্বীপে! কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় থেকে বিচ্ছিন্ন হতেই বিজেপি নেতার গাড়িতে হামলা, ফাটল নাক!

রাস পূর্ণিমার উৎসবের আবহে ঘটল অঘটন ৷ মারামারিতে রক্তরক্তি কাণ্ড ! নবদ্বীপে একটি কর্মসূচিতে যাওয়ার পথে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়ের দু’টি বা তিনটি গাড়ি পিছিয়ে অন্য রাস্তায় চলে যায় । এরপর সেখান থেকে নবদ্বীপ বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি ঘোরানোর সময়ে বুধবার রাতে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিজেপি নেতার গাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ।
প্রথমে নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস-সহ একাধিক কার্যকর্তার সঙ্গে বচসায় জড়ান তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সদস্যরা ৷ তারপরই পরিস্থিতি পৌঁছয় চরমে ৷ ঘটনায় বাসস্ট্যান্ডে থাকা আইএনটিটিইউসি-র সদস্যরা নদিয়া উত্তর বিজেপির সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বিশ্বাসের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ । শুধু তাই নয়, তাঁকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয় এবং তাঁর গাড়ি চালককে বেধড়ক মারধর করা হয় ৷ সেইসঙ্গে বিজেপি কর্মীদের মারধরেরও অভিযোগ ওঠে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সদস্যদের বিরুদ্ধে।
ইট-লাঠি-গাড়ি ভাঙচুরে ফাটল বিজেপি নেতার নাক (ইটিভি ভারত)
রক্তাক্ত অবস্থায় জখম দু’জনকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ জেনারেল হাসপাতালে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ । কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ জানান, সুকান্ত মজুমদারের কনভয় বা গাড়িতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি । বাসস্ট্যান্ডে বিজেপির জেলা সভাপতির গাড়ি পার্কিং নিয়ে শ্রমিক সংগঠনের সঙ্গে ঝামেলার সৃষ্টি হয় ৷ সেই থেকেই দু’পক্ষের হাতাহাতি । তারপরই পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, যদি এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের পুলিশ গ্রেফতার না-করে তাহলে আগামিদিনে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি । পাশাপাশি এক বিজেপি নেত্রী জানান, গাড়িতে ইট ও লাঠি দিয়ে একদল দুষ্কৃতী হামলা চালিয়েছে। এই ঘটনায় বিজেপির দুই কর্মী গুরুতর আহত হয়েছেন । তাঁদের মাথা ফেটে গিয়েছে বলে অভিযোগ । ঘটনার পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে সুকান্ত মজুমদারের উপস্থিতিতে তৃণমূলের অফিসে পাল্টা হামলা হয়েছে বলে অভিযোগ ওঠে ।
উল্লেখ্য, বুধবার নদিয়ায় সুকান্ত মজুমদারের একাধিক কর্মসূচি ছিল । তাহেরপুরে সিএএ ক্যাম্পের সূচনা এবং কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় পুলিশি হেনস্থার অভিযোগেকে কেন্দ্র করে কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচি ছিল । এরপর তিনি নবদ্বীপে যান । সেখানে ঐতিহ্যবাহী রাস উৎসব চলছে । নবদ্বীপের বিজেপির একটি কর্মসূচিতে যাওয়ার পথে সুকান্তের কনভয়ের দু’টি বা তিনটি গাড়ি পিছিয়ে যায় এবং ভুল রাস্তায় চলে যায় । সেখানেই গাড়ি ঘোরানো নিয়ে এদিনের ঘটনা চরমে ওঠে ৷