যুদ্ধের দামামা! আগামীকাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক মোদীর, বড় কোনো পদক্ষেপের পথে ভারত?

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা এবং যুদ্ধের আবহে ভারতের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা নিয়ে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে দেশের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সর্বদলীয় বৈঠকের পর প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠকের মূল আলোচ্য বিষয় হলো জ্বালানি নিরাপত্তা এবং সরবরাহ শৃঙ্খল বজায় রাখা। ইরান ও ইসরায়েলের মধ্যে চলা এই সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেল ও গ্যাসের জোগানে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারত তার চাহিদার একটি বড় অংশ এই অঞ্চল থেকেই আমদানি করে। প্রধানমন্ত্রী এই বৈঠকে মুখ্যমন্ত্রীদের জানাবেন যে, যুদ্ধের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে, তাই ‘টিম ইন্ডিয়া’র মতো কেন্দ্র ও রাজ্যকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের কালোবাজারি রোখা এবং জ্বালানির মজুদ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হবে।
নির্বাচনমুখী পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু বা কেরলের মতো রাজ্যের মুখ্যমন্ত্রীরা নির্বাচনী বিধি (Model Code of Conduct)-র কারণে এই বৈঠকে সরাসরি থাকতে না পারলেও, সেইসব রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে আলাদাভাবে আলোচনা করা হবে। গোয়েন্দা সংস্থাগুলি ইতিমধ্যে সতর্ক করেছে যে, যুদ্ধের সুযোগ নিয়ে কিছু অশুভ শক্তি দেশের অভ্যন্তরীণ শান্তিতে বিঘ্ন ঘটাতে পারে। তাই সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে সাইবার নিরাপত্তা—সব ক্ষেত্রেই রাজ্যগুলিকে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দিতে পারেন প্রধানমন্ত্রী।