যুদ্ধের জন্য প্রস্তুতি, কলকাতায় হঠাৎ কেন আসছেন প্রধানমন্ত্রী মোদি

কিছুদিন আগেই মেট্রো উদ্বোধনের পর এবার ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তার আগমন কোনো রাজনৈতিক সভা বা সাধারণ কর্মসূচির জন্য নয়, বরং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সম্মেলনগুলির মধ্যে একটিতে যোগ দেওয়ার জন্য।
কেন আসছেন প্রধানমন্ত্রী?
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতরে অনুষ্ঠিত হবে ‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স’। এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিশেষ অনুষ্ঠানে তাঁর সঙ্গে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিন বাহিনীর প্রধান।
এই সম্মেলনকে ‘অপারেশন সিঁদুর’-এর পর দেশের মধ্যে ভারতীয় সেনা ও কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক বলে মনে করা হচ্ছে। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে বাংলাদেশ ও মায়ানমারের অস্থির পরিস্থিতি এবং অন্যদিকে চীন সীমান্তের চাপ— এই সব বিষয় নিয়েই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।
গুরুত্বপূর্ণ কী কী আলোচনা হবে?
সেনা সূত্রে খবর, এই বৈঠকে দেশের আগামী দিনের সামরিক কৌশল এবং সীমান্ত সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনা হবে ভারতীয় সেনার সংস্কার, আগ্রাসী ভূমিকা এবং দেশকে সুরক্ষিত রাখার কৌশল নিয়ে।
ভারত ক্রমশ প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে আত্মনির্ভরশীল হচ্ছে এবং ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রশস্ত্রের রপ্তানিও বাড়ছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এই সম্মেলন থেকে সেনাদের উদ্দেশ্যে কী বার্তা দেন, সেদিকেই এখন সবার নজর।