পূজায় দেবের ‘রঘু ডাকাত’, পুজোর আগে প্রচারের ঝড়, হিট করাতে কালীমন্দিরে পুজো

পুজোয় দেব অভিনীত এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত সিনেমা ‘রঘু ডাকাত’ আসছে। সিনেমা মুক্তির আগে থেকেই জোরদার প্রচার চালাচ্ছে ছবির টিম। রিলিজের আগেই যাতে সিনেমা হিট হয়, তাই মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত চলছে প্রচারের ধুম। সম্প্রতি, ছবির সাফল্যে জন্য শিলিগুড়ির ঐতিহাসিক সেবক কালীবাড়িতে পুজো দিলেন দেব সহ ছবির পুরো টিম।

প্রচারের নতুন কৌশল: গান লঞ্চ থেকে পুজো
গত সোমবার মালদায় একটি জমকালো অনুষ্ঠানে ‘রঘু ডাকাত’-এর নতুন গান ‘ঝিমলি লাগে রে’ লঞ্চ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, ইধিকা পাল, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য এবং পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। মালদার ইভেন্ট শেষে মঙ্গলবার সকালে শিলিগুড়ির সেবক কালীবাড়িতে যান তাঁরা। হিমালয়ের কোলে খরস্রোতা তিস্তার পাশে অবস্থিত জাগ্রত এই কালীবাড়ির খ্যাতি শুধু এ রাজ্যে নয়, গোটা দেশেই রয়েছে। ছবির সাফল্য কামনায় সেখানে পুজো দেন পুরো টিম।

টেকনিশিয়ানদের জন্য বিশেষ উদ্যোগ
আগামী ২০ সেপ্টেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘রঘু ডাকাত’-এর মেগা ট্রেলার লঞ্চ হবে। এই লঞ্চের টিকিট বিক্রিও শুরু হয়েছে, যার মূল্য ধার্য করা হয়েছে ৪৯ টাকা। এই টিকিট বিক্রির টাকা ‘টেকনিশিয়ান ওয়েলফেয়ার ট্রাস্ট’-কে দেওয়া হবে বলে জানিয়েছেন দেব। তাঁর কথায়, সিনেমার নেপথ্যে থাকা টেকনিশিয়ানদের পরিশ্রমের কারণেই একটি ভালো সিনেমা তৈরি হয়। তাদের চিকিৎসা এবং ছেলেমেয়েদের পড়াশোনার মতো কাজে সামান্য হলেও সাহায্য করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ধূমকেতু’-কেও ছাপিয়ে যাবে ‘রঘু ডাকাত’
দেবের দাবি, ‘ধূমকেতু’ ছবির ট্রেলার লঞ্চ ইভেন্টের মাধ্যমে বাংলা ছবির ইতিহাসে যে নতুন দিগন্ত খুলেছিল, ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চ ইভেন্ট তাকেও ছাপিয়ে যাবে। তিনি দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন ২০ সেপ্টেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে এসে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে।