যাত্রীদের স্বস্তি! ভিড় কমাতে রেলের বড় পদক্ষেপ, নয়া রুটে ট্রেন; জেনেনিন সময়সূচী?

জেলা থেকে প্রতিদিন কলকাতায় কাজের জন্য আসা হাজার হাজার যাত্রীর জন্য সুখবর। শিয়ালদহ ডিভিশন যাত্রীচাপ সামলাতে এবং যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখায় ৩টি এবং বারাসত-বসিরহাট শাখায় ২টি, মোট ৫টি নতুন ইএমইউ লোকাল ট্রেন চালু করেছে। রেলের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত বিশেষ করে সকালের ব্যস্ত সময়ে যাত্রীদের ভিড় কমাতে সহায়ক হবে।
পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা যাত্রী নিরাপত্তা, সুরক্ষা ও আরামকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তারই অংশ হিসেবে ডায়মন্ড হারবার রুট এবং বারাসত – বসিরহাট শাখায় যাত্রীদের ভিড় কমাতে এই অতিরিক্ত ৫টি ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ট্রেনগুলির সময়সূচি নিম্নরূপ:
সোনারপুর – ডায়মন্ড হারবার স্পেশাল: সোনারপুর থেকে ছাড়বে সকাল ৫:০০ মিনিটে, ডায়মন্ড হারবার পৌঁছবে সকাল ৬:০৫ মিনিটে।
ডায়মন্ড হারবার – বালিগঞ্জ স্পেশাল: ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল ৬:৩০ মিনিটে, বালিগঞ্জ পৌঁছবে সকাল ৭:৫৬ মিনিটে।
বালিগঞ্জ – সোনারপুর স্পেশাল: বালিগঞ্জ থেকে ছাড়বে সকাল ৮:১৪ মিনিটে, সোনারপুর পৌঁছবে সকাল ৮:৩৩ মিনিটে।
বারাসত – বসিরহাট স্পেশাল: বারাসত থেকে ছাড়বে সকাল ৬:২৫ মিনিটে, বসিরহাট পৌঁছবে সকাল ৭:২৫ মিনিটে।
বসিরহাট – বারাসত স্পেশাল: বসিরহাট থেকে ছাড়বে সকাল ৭:৩৫ মিনিটে, বারাসত পৌঁছবে সকাল ৮:৩৭ মিনিটে।
রেল কর্তৃপক্ষ মনে করছে, শহরতলির এই দুই গুরুত্বপূর্ণ রুটে অতিরিক্ত ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ায়, বিশেষ করে সকালের ব্যস্ত সময়ে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হবে। এটি ভিড় সামলানোর ক্ষেত্রে একটি কার্যকর পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি শিয়ালদহ ডিভিশনের তরফে আরও ঘোষণা করা হয়েছিল যে, অফিসের ব্যস্ত সময়ে অতিরিক্ত ভিড় কমাতে শিয়ালদহ সেকশনে আরও পাঁচটি লোকাল ট্রেন চালানো হবে। এর মধ্যে দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ জংশনের মধ্যে এই অতিরিক্ত ট্রেনগুলি চালানো হবে।
দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁ জংশন রুটের অতিরিক্ত ট্রেনগুলির সময়সূচি:
সকাল ৭:৪১ মিনিটে একটি ট্রেন বনগাঁ থেকে ছাড়বে এবং দমদম ক্যান্টনমেন্ট পৌঁছবে সকাল ৯:১৬ মিনিটে।
অপর একটি ট্রেন সকাল ৯:৪৫ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে বারাসত জংশন পৌঁছবে সকাল ১০:১৫ মিনিটে।
বিকেল ৫:৩৭ মিনিটে একটি ট্রেন বারাসত থেকে ছেড়ে দমদম ক্যান্টনমেন্ট পৌঁছবে সন্ধ্যা ৬:০০টায়।
অন্য একটি ট্রেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সন্ধ্যা ৬:২৬ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছবে রাত ৮:১০ মিনিটে।
রাত ৮:২০ মিনিটে ট্রেনটি বনগাঁ থেকে ছেড়ে বারাসত পৌঁছবে রাত ৯:২৫ মিনিটে।
শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, অফিসগামী ও অফিসফেরত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই পূর্ব রেল এই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষত বিধাননগর ও দমদম স্টেশনে অতিরিক্ত ভিড়ের কারণে দমদম ক্যান্টনমেন্ট থেকে এই ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলি নিঃসন্দেহে প্রতিদিনের যাত্রীদের জন্য এক বড় স্বস্তি নিয়ে আসবে।