ম্যাগি চা থেকে চকোলেট চিকেন! ২০২৫-এর এই ১০টি অখাদ্য ভাইরাল খাবার দেখে নেটিজেনদের মাথায় হাত

২০২৫ সাল শেষ হতে চলল, কিন্তু এই বছরটি খাদ্যরসিকদের জন্য খুব একটা সুখকর ছিল না। বিশেষ করে সোশাল মিডিয়ার দৌলতে এমন কিছু খাবারের সংমিশ্রণ সামনে এসেছে, যা দেখে সাধারণ মানুষের খাবারের ওপর থেকে বিশ্বাস উঠে যাওয়ার জোগাড়। লাইক আর ভিউয়ের নেশায় স্ট্রিট ফুড বিক্রেতা থেকে ফুড ব্লগাররা খাবারের স্বাদের সাথে এমন সব পরীক্ষা-নিরীক্ষা করেছেন, যা রীতিমতো বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের শেষে এসে দেখে নেওয়া যাক ২০২৫-এর সেই সব বিতর্কিত ও ‘ভয়ঙ্কর’ ভাইরাল খাবারের তালিকা:
১. আম নুডলস: নুডলস বলতেই চোখের সামনে ভাসে ঝাল ঝাল মশলাদার স্বাদ। কিন্তু এই বছর এক বিক্রেতা গরম নুডলসের ওপর আমের রস আর টুকরো মিশিয়ে পরিবেশন করে রীতিমতো শোরগোল ফেলে দেন। নেটিজেনদের দাবি, এটি দেখার পর চোখ পরিষ্কার করতে এখন টয়লেট ক্লিনার লাগবে!
২. পেঁয়াজের লাত্তে ও কফি ম্যাগি: কফিতে দুধ-চিনির বদলে কাটা পেঁয়াজ! চিনে শুরু হওয়া এই ট্রেন্ড ভারতে আসতেই মানুষ একে ‘বিষ’ আখ্যা দিয়েছেন। অন্যদিকে, জলের বদলে দুধ আর কফি দিয়ে ম্যাগি রান্না করার মতো ‘অপরাধ’ও এই বছরই ঘটেছে।
৩. চকোলেট চিকেন টিক্কা ও পকোড়া: আমিষভোজীদের দুঃস্বপ্ন সত্যি করে মশলাদার চিকেন টিক্কার ওপর ঢেলে দেওয়া হয়েছে গলানো ডার্ক চকোলেট। এখানেই শেষ নয়, হায়দরাবাদের এক বিক্রেতা চকোলেট বার বেসনে ডুবিয়ে পকোড়া বানিয়ে সবুজ চাটনি দিয়ে পরিবেশন করে স্বাদের বারোটা বাজিয়েছেন।
৪. টয়লেট বোল আইসক্রিম: স্বাদ তো পরের কথা, এই খাবারের পরিবেশনা দেখেই মানুষের খিদে উড়ে গিয়েছে। হুবহু টয়লেট কমোডের মতো দেখতে বাটিতে আইসক্রিম পরিবেশন করাকে নেটিজেনরা ‘চরম বিরক্তিকর’ বলে অভিহিত করেছেন।
৫. চকোলেট ফুচকা ও ওরিও সুশি: ঝাল-টক জলের বদলে চকোলেট সিরাপ আর জ্যাম দিয়ে তৈরি ফুচকা ফুচকাপ্রেমীদের হৃদয় ভেঙে দিয়েছে। অন্যদিকে জাপানি সুশিকেও ছাড়েননি শৌখিন রাঁধুনিরা, ওরিও বিস্কুট দিয়ে তৈরি ‘ওরিও সুশি’ এই বছর ছিল অন্যতম অদ্ভুত ট্রেন্ড।
পরীক্ষা-নিরীক্ষা সৃজনশীলতার লক্ষণ হতে পারে, কিন্তু ২০২৫ সালে স্বাদের সাথে যে অবিচার হয়েছে তা দেখে সাধারণ মানুষ এখন ২০২৬-এ অন্তত স্বাভাবিক খাবারের প্রত্যাশা করছেন।