মোবাইল চুরি সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার-সহ মোট ছয়জন

পুরুলিয়ার টামনা থানার চাকলতোড় গ্রামে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে বাড়ি থেকে টেনে বের করে বেধড়ক মারধরের পর মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, ঘটনাটি ছিল একেবারেই পরিকল্পিত। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এক সিভিক ভলান্টিয়ারও। এলাকায় ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে।

মৃত যুবকের নাম তাপস মহাপাত্র, বয়স ২০ বছর। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কয়েকজন ব্যক্তি হঠাৎ তাপসের বাড়িতে এসে তাঁকে টেনে হিঁচড়ে বাইরে বের করে নিয়ে যায় এবং প্রকাশ্যে মারধর শুরু করে। এরপর তাঁকে মোটরবাইকে করে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়।

পরিবারের দাবি, অভিযুক্তরা জানায় তাপসকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু পরে হঠাৎই জানানো হয়, তাপস বিষ খেয়েছেন এবং হাসপাতালে ভর্তি। তাপসের মা ভাদু মহাপাত্র জানান,“বিকেলে ছেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর কিছু জানি না। পরে জানতে পারি ও হাসপাতালে। কিন্তু গিয়ে দেখি, ও আর বেঁচে নেই।”

তাপসের পরিবারের অভিযোগ, তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল, শরীরজুড়ে ছিল কালশিটে দাগ। এক আত্মীয় বলেন,“থানা বলেছিল ও বিষ খেয়েছে। কিন্তু শরীরের দাগ স্পষ্ট বলছে, ওকে পিটিয়ে মারা হয়েছে।”

এই অভিযোগকে ঘিরে প্রশ্ন উঠেছে, আদৌ কি তাপস বিষ খেয়েছিল, না কি মিথ্যে অভিযোগে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে?

এই ঘটনার পর টামনা থানার পুলিশ ছয়জনকে আটক করেছে। তাদের মধ্যে অন্যতম মলয় পুইতন্ডি নামে এক সিভিক ভলান্টিয়ার, যিনি ওই থানাতেই কর্মরত এবং তাপসেরই গ্রামের বাসিন্দা। এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা।

পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,“ঘটনার তদন্ত চলছে। মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে এবং পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়েছে। যাঁরা দোষী, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিকভাবে খুন এবং ষড়যন্ত্রের ধারায় মামলা দায়ের হতে পারে, যদি তদন্তে অভিযোগ প্রমাণিত হয়।”ছেলেকে মোবাইল চোর বলে অপবাদ দিয়ে ফাঁসানো হয়েছে” — দাবি পরিবারের
তাপসের পরিবারের দাবি,“ছেলেকে পরিকল্পনা করে মোবাইল চুরির মিথ্যে অপবাদ দিয়ে খুন করা হয়েছে। পরে অভিযুক্তরা টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করেছিল।”

এই ঘটনাকে কেন্দ্র করে চাকলতোড় এলাকায় তীব্র ক্ষোভ এবং চাঞ্চল্য তৈরি হয়েছে। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy