বিহারের গোপালগঞ্জ জেলা থেকে একটি অত্যন্ত চাঞ্চল্যকর ও দুর্ভাগ্যজনক খবর সামনে এসেছে। দুবাইয়ের আকাশ দিয়ে উড়ে যাওয়া একটি বিমানের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অপরাধে এক ভারতীয় যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) আদালত। এই কঠোর দণ্ডাদেশের খবরে হতভম্ব যুবকের পরিবার এখন ছেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসনের দরজায় দরজায় ঘুরছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের নগর থানা এলাকার রফি ইন্দারওয়া গ্রামের বাসিন্দা ওয়াসিম আকরাম প্রায় ২২ মাস আগে উপার্জনের উদ্দেশ্যে দুবাই পাড়ি দিয়েছিলেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে চরম ভূ-রাজনৈতিক উত্তেজনা চলছে। এই সংবেদনশীল পরিস্থিতির মাঝেই ওয়াসিম ভুলবশত তাঁর মোবাইল ফোনে দুবাইয়ের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি সাধারণ বিমানের ছবি তোলেন এবং তা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেন।
বিষয়টিকে দুবাইয়ের রাস আল খাইমাহ রামস থানার পুলিশ জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করে এবং নামাজ পড়ে বেরোনোর সময় ওয়াসিমকে গ্রেফতার করা হয়। স্থানীয় আদালত এটিকে গুপ্তচরবৃত্তি ও জাতীয় নিরাপত্তার বিষয় ধরে নিয়ে তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেয়। গোপালগঞ্জে ওয়াসিমের পরিবার এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে। তাঁরা জেলা ম্যাজিস্ট্রেটের (DM) সঙ্গে দেখা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছেন। জেলা প্রশাসনও বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ওয়াসিমকে ভারতে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে লিখিত সুপারিশ পাঠিয়েছে।





