মোদীর জ্বলন্ত ছবি থেকে সিগারেট! প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় গ্রেপ্তার যুবক

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিতর্কিত ছবি পোস্ট করার অভিযোগে উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে ৩২ বছর বয়সি সৌমিক চ্যাটার্জীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বারাসাত মণ্ডল-৩ এর বিজেপি সভাপতি অনির্বাণ বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে তাঁকে বাড়ি থেকে আটক করা হয়। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি জ্বলন্ত ছবি থেকে সিগারেট ধরাচ্ছেন অভিযুক্ত। রবিবার আদালতে নিয়ে যাওয়ার সময় ক্যামেরার সামনে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায় সৌমিককে।
অন্যদিকে, অভিযুক্তের বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পরিবার এই ঘটনার কোনো সমর্থন করে না। পুলিশ জানিয়েছে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতার একটি মিছিলের একদিন পরেই এই ঘটনাটি ঘটে। যদিও কককরোচ জনতা পার্টি (CJP) জানিয়েছে যে সৌমিকের সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে এবং পুলিশ পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে।