মেসি না স্পেন? কার মাথায় উঠবে বিশ্বকাপের মুকুট? দেখুন চোখ ধাঁধানো রিপোর্ট

ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের লড়াই শুরু হতেই এখন কোটি কোটি ভক্তের একটাই প্রশ্ন—কার হাতে উঠবে সোনালি ট্রফি? মানুষের আবেগের পাশাপাশি এবার প্রযুক্তির নিখুঁত বিশ্লেষণে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ১ লক্ষ বার কম্পিউটার সিমুলেশন চালিয়ে পরিসংখ্যানবিদরা দাবি করছেন, ২০২৬ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে স্পেন।

পরিসংখ্যান কী বলছে?

গবেষকদের তৈরি এই মেশিন লার্নিং মডেলে প্রতিটি দলের শিরোপা জয়ের সম্ভাবনার হার প্রকাশ করা হয়েছে:

দেশজয়ের সম্ভাবনা (%)
স্পেন১৪.৫%
ইংল্যান্ড১২.৪%
ফ্রান্স১২.৪%
জার্মানি১১.২%
পর্তুগাল৮.৯%
আর্জেন্টিনা৮.২%

মডেলটি কাজ করে কীভাবে?

গবেষকরা জানিয়েছেন, এটি কোনো সাধারণ অনুমান নয়। বিগত আট বছরের আন্তর্জাতিক ম্যাচের ফলাফল, ফিফা র‌্যাঙ্কিং, খেলোয়াড়দের ট্রান্সফার মার্কেট ভ্যালু, এমনকি সামাজিক-অর্থনৈতিক সূচক (মাথাপিছু জিডিপি)-এর মতো তথ্যও এই মডেলে ইনপুট দেওয়া হয়েছে। উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত ১ লক্ষ বার সিমুলেশন চালিয়ে দেখা গেছে, স্পেন তাদের ধারাবাহীকতা বজায় রাখলে চ্যাম্পিয়ন হওয়ার পথে সবচেয়ে শক্তিশালী দাবিদার।

আয়োজক আমেরিকার ভাগ্য:

সিমুলেশন অনুযায়ী, স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রুপ পর্ব পেরোনোর সম্ভাবনা ছিল ৭৮ শতাংশ। কিন্তু নকআউট পর্বে শক্তিশালী দলগুলোর মুখোমুখি হওয়ায় তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা মাত্র ১ শতাংশে নেমে এসেছে।

অক্টোপাসের চেয়েও নির্ভুল?

গবেষক দলের সদস্য আখিম জাইলিস জানিয়েছেন, ২০১৯ সালের মহিলা বিশ্বকাপে তাঁদের মডেল সঠিকভাবে আমেরিকাকে চ্যাম্পিয়ন হিসেবে চিহ্নিত করেছিল। যদিও ২০২২ সালে আর্জেন্টিনা বা ২০২৩ সালে স্পেনকে একেবারে ‘ফেভারিট’ ধরা হয়নি, তবুও তাঁদের মডেল অনুযায়ী তারা শিরোপার অন্যতম দাবিদার ছিল। জাইলিসের কথায়, “এই মডেল হয়তো শতভাগ নিশ্চিত নয়, তবে বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করার ক্ষেত্রে বিখ্যাত সেই অক্টোপাসের চেয়েও বেশি বৈজ্ঞানিক ও নির্ভরযোগ্য।”

প্রযুক্তি ও পরিসংখ্যানের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসে, তা দেখার জন্য ১৯ জুলাইয়ের মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালের অপেক্ষায় বিশ্ব।