মেট্রোতে ছুরি নিয়ে উঠতে গিয়ে জালে যুবক…! স্ক্যানার ধরিয়ে দিল গোপন রহস্য, তারপর যা ঘটল…

সম্প্রতি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার পর কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এখন আরও সতর্ক। তার ফলস্বরূপ, সেন্ট্রাল মেট্রো স্টেশনে এক ব্যক্তি ছুরি নিয়ে মেট্রোতে উঠতে গিয়েই ধরা পড়লেন স্ক্যানিং মেশিনে। একটি ব্যাগ দিয়ে যাওয়ার সময় মেশিনে ধরা পড়ে যায় ছুরিটি। এরপরই শুরু হয় নাটকীয় পরিস্থিতি।
পুলিশের জেরায় ওই ব্যক্তি জানান, তিনি বাড়ির কাজের জন্যই ছুরিটি কিনেছিলেন। কিন্তু তার এই কথায় রাজি হননি কর্তব্যরত এক মহিলা কনস্টেবল। তিনি সাফ জানিয়ে দেন, কোনোভাবেই ছুরি নিয়ে মেট্রোতে ভ্রমণ করা যাবে না। ওই মহিলা পুলিশকর্মী স্মরণ করিয়ে দেন সম্প্রতি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঘটে যাওয়া খুনের ঘটনা। এর ফলে মেট্রো চত্বরে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
কয়েকদিন আগে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দুই স্কুল পড়ুয়ার মধ্যে বচসা হয়। এর জেরে একজন অন্যজনকে এলোপাথাড়ি ছুরির কোপ মারে। ১৭ বছর বয়সী ওই ছাত্রের নাম ছিল মনোজিৎ যাদব। গুরুতর আহত অবস্থায় তাকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরই ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা ঘটনাস্থলে পৌঁছে আরপিএফ এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরে মূল অভিযুক্ত রানা সিংকে হাওড়া স্টেশন থেকে পালানোর সময় গ্রেফতার করা হয়।
এই ঘটনার পর থেকেই মেট্রো রেল কর্তৃপক্ষ এবং আরপিএফ তাদের নজরদারি আরও বাড়িয়ে তুলেছে। তারই ফলস্বরূপ সেন্ট্রাল মেট্রো স্টেশনে এই ব্যক্তি ধরা পড়লেন। প্রথমদিকে অনুরোধ করলেও, শেষমেশ পুলিশের কথা শুনে ওই ব্যক্তি ছুরিটি রেখে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।