‘দুর্গাপুরের অ্যান্থেম’ নিয়ে ফিরছেন নীল ভট্টাচার্য! সঙ্গে আছেন কোন অভিনেত্রী?

দুর্গাপূজার আমেজকে আরও বাড়িয়ে তুলতে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা ও গায়ক নীল ভট্টাচার্য। তাঁর নতুন গান ‘হ্যাশট্যাগ পুজো’ মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর। এই গানের মিউজিক ভিডিওতে নীলের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী ঈশা উপাধ্যায়-কে।

গানটির সুর দিয়েছেন অভিজ্ঞ সংগীত পরিচালক গ্রুভ ভাই, যিনি আন্তর্জাতিক পপ বিটের সঙ্গে দুর্গাপূজার ঐতিহ্যবাহী সুরকে মিশিয়ে তৈরি করেছেন এক নতুন সাউন্ডস্কেপ।

এই গান প্রসঙ্গে নীল ভট্টাচার্য বলেন, “এই গানটির সবচেয়ে মজার দিক হলো, আমি নিজে এটি গেয়েছি। আমরা দুর্গাপুরে গানের শুটিং করেছি, পুরো অভিজ্ঞতাটাই দারুণ ছিল। আশা করি, এই জেন জি ও মিলেনিয়ালদের জন্য তৈরি দুর্গাপূজার অ্যান্থেমটি সবার ভালো লাগবে।”

গ্রুভ ভাই বলেন, “এটি শুধু একটি গান নয়, এটি একটি ইয়ুথ অ্যান্থেম। এর মাধ্যমে আমরা দেখিয়েছি যে আজকের প্রজন্ম আধুনিক বিট এবং এনার্জি দিয়েও মা দুর্গাকে স্মরণ করতে পারে।” মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অরুণিম দাস পুরকায়স্থ।

প্রসঙ্গত, বাংলা ধারাবাহিকে কাজ করার পর নীল কিছুদিন বিরতি নিয়ে মুম্বাইয়ে ছিলেন। তবে এখন আবার তিনি কলকাতায় ফিরেছেন এবং অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে তাঁর নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-এর কাজ শুরু করেছেন।