মৃত্যুপুরী তিলজলা! ঘুমের ঘোরেই মাথায় ভেঙে পড়ল ছাদের চাঙড়, পার্ক সার্কাসে মর্মান্তিক পরিণতি বৃদ্ধার

শহর কলকাতায় ফের এক জরাজীর্ণ বাড়ির বলি হলেন নিরীহ বৃদ্ধা। রবিবার গভীর রাতে পার্ক সার্কাসের লোহারপুল সংলগ্ন একটি পুরনো বাড়িতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘুমের ঘোরেই ছাদের বিশাল চাঙড় ভেঙে পড়ে রাবিয়া খাতুন নামে এক বৃদ্ধার ওপর। ঘটনাস্থলেই রক্তাপ্লুত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় কেবল রাবিয়া খাতুনই নন, গুরুতর জখম হয়েছেন তাঁর ভাই এবং মাত্র ১০ বছরের একটি শিশুও। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়িটি দীর্ঘদিনের পুরনো এবং বিপজ্জনক অবস্থায় ছিল। একাধিক পরিবার সেখানে ভাড়া থাকলেও বাড়ির মালিক মেরামতির বিষয়ে কোনো ভ্রুক্ষেপই করেননি। ভাড়াটিয়ারা বারবার সংস্কারের দাবি জানালেও কর্ণপাত করেনি মালিকপক্ষ। বাড়ির মালিকের এই চূড়ান্ত গাফিলতি ও উদাসীনতাকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে দায়ী করছেন ক্ষুব্ধ প্রতিবেশীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।