বঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের ঢেউ আছড়ে পড়ল উত্তরবঙ্গেও। শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় দীর্ঘদিনের পরিচিত ‘মমতা মন্দির’ এখন অতীত। রাতারাতি বদলে গেল তার নাম এবং গায়ের রঙ। একসময়ের নীল-সাদা রঙের আবহে মোড়া এই কার্যালয়টি এখন পুরোপুরি গেরুয়া রঙের প্রলেপে ঢাকা। শুধু তাই নয়, নতুন নামকরণ হয়েছে ‘রামভবন’। এই ঘটনাকে কেন্দ্র করে চরম শোরগোল ছড়িয়েছে শহর শিলিগুড়িতে।
ঘটনার প্রেক্ষাপট: শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় একটি স্থানীয় ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয় দীর্ঘকাল ধরে ‘মমতা মন্দির’ নামে পরিচিত ছিল। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা এবং এলাকার তৃণমূল কর্মীরাই এর দেখাশোনা করতেন। তবে নির্বাচনের ফল ঘোষণার পরেই বদলে যায় পরিস্থিতি। অভিযোগ উঠেছে, একদল উত্তেজিত জনতা ওই ভবনে চড়াও হয়ে নীল-সাদা রঙের ওপর গেরুয়া প্রলেপ লাগিয়ে দেয়। ভবনের দেওয়ালে থাকা নাম মুছে লিখে দেওয়া হয় ‘রামভবন’।
ভাঙচুর ও উত্তেজনা: স্থানীয় সূত্রে খবর, শুধুমাত্র রঙ বদল নয়, ভবনের অন্দরেও বেশ কিছু জায়গায় ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের দাবি, এলাকায় জয় নিশ্চিত করার পরেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। যদিও গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, এটি জনগণের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ এবং সাধারণ মানুষই নীল-সাদা রঙের অবসান চাইছেন।
থানায় অভিযোগ: এই ঘটনাকে কেন্দ্র করে ফুলবাড়ি এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ইতিপূর্বেই স্থানীয় থানায় একটি মৌখিক অভিযোগ জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, সমাজকল্যাণমূলক একটি প্রতিষ্ঠানের গায়ে রাজনৈতিক রঙ চড়ানো এবং ভবনের শ্রী নষ্ট করা কোনওভাবেই কাম্য নয়।
শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ শহরে সরকারি বা আধা-সরকারি ধাঁচের প্রতিষ্ঠানের গায়ে এভাবে রঙের প্রলেপ বদলানোর ঘটনা প্রশাসনিক স্তরেও চিন্তার ভাঁজ ফেলেছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং এই ভাঙচুরের নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বঙ্গে পালাবদলের আবহে এই ‘রঙ-বদল’ কি কেবল বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত— তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।





