মুম্বাই জুড়ে আতঙ্ক! ৪০০ কেজি আরডিএক্স নিয়ে ৩৪ মানব বোমা, মিলল ভয়ঙ্কর নাশকতার হুমকি

বাণিজ্যনগরী মুম্বই জুড়ে বড়সড় নাশকতার ছক! পুলিশের ট্র্যাফিক হেল্পলাইনে আসা একটি উড়ো ফোনে এই হুমকি দেওয়া হয়েছে, যার পর পরই গোটা শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। হুমকিদাতা জানিয়েছে, ৪০০ কেজি আরডিএক্স নিয়ে ৩৪ জন মানব বোমা শহরে ঘুরে বেড়াচ্ছে, এবং তারা ৩৪টি গাড়িতে বোমা রেখেছে। এই ভয়ঙ্কর বিস্ফোরণে গোটা শহর কাঁপিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুমকিটি লস্কর-ই-জিহাদি নামক একটি সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। হুমকি বার্তায় বলা হয়েছে, অনন্ত চতুর্দশীর দিনে এই বিস্ফোরণ ঘটানো হবে এবং এর ফলে প্রায় ১ কোটি মানুষের মৃত্যু হবে। এই হুমকির পর মুম্বই পুলিশ ও মহারাষ্ট্র জুড়ে নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে। প্রতিটি স্পর্শকাতর এলাকা এবং জনবহুল স্থানে কড়া নজরদারি চলছে।
তবে এই ধরনের হুমকির ঘটনা মুম্বইয়ের জন্য নতুন নয়। চলতি সপ্তাহের শুরুতেই মহারাষ্ট্রের থানে থেকে রুপেশ মাধুকর রানপিসে নামে ৪৩ বছরের এক ব্যক্তিকে রেল স্টেশন উড়িয়ে দেওয়ার ভুয়ো হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়াও, আগস্ট মাসে দক্ষিণ মুম্বইয়ের ইসকন মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল এসেছিল, তবে তখন তল্লাশি চালিয়ে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
বর্তমানে মুম্বই পুলিশ অত্যন্ত সতর্ক এবং সমস্ত দিক খতিয়ে দেখছে। এই হুমকি কতটা সত্যি, তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মুম্বই পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।