ভারতে ইন্দোনেশীয় মহিলা! ভুয়ো আধার কার্ড নিয়ে ঢুকতেই সমস্ত পর্দাফাঁস, পাকড়াও করল পুলিশ

ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এসএসবি (SSB)-এর ৪৪১ নম্বর ব্যাটালিয়ন বর্ডার ইন্টারেকশন টিম এক ইন্দোনেশিয়ান মহিলাকে গ্রেফতার করে। মহিলার কাছে ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড পাওয়া গেছে, যা ভুয়ো বলে প্রমাণিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলা ভারত-নেপাল সীমান্ত পার হওয়ার সময় নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন। কিন্তু তাঁর কথায় সন্দেহ হয় কর্তব্যরত এসএসবি জওয়ানদের। এরপরই তাঁকে জেরা করা শুরু হয়। জওয়ানদের চাপাচাপিতে অবশেষে মহিলা তার আসল পরিচয় ফাঁস করেন। তার আসল নাম নি কাদেক সিসিয়ানি (Ni Kadek Sisiyani), কিন্তু ভুয়ো আধার কার্ডে তার নাম নিয়োমান মুরনি (Niyoman Murni) লেখা। এই নাম নিয়েই তিনি বছরের পর বছর ধরে ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মুম্বাইয়ে বসবাস করে আসছিলেন।

এসএসবি সূত্রে জানা গেছে, ওই মহিলা প্রায় দশ বছর ধরে মুম্বাইয়ে বসবাস করছেন। সেখানে একজন এজেন্টের মাধ্যমে তিনি এই ভুয়ো আধার ও প্যান কার্ড তৈরি করান। এই ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে তিনি শুধু ভারতেই নয়, নেপাল ও তুরস্কসহ বিভিন্ন দেশেও যাতায়াত করেছেন। মুম্বাই থেকে বাগডোগরা হয়ে নেপালের দিকে যাওয়ার সময়ই তাকে আটক করা হয়।

ওই ইন্দোনেশিয়ান মহিলা বালির বাসিন্দা। এত দীর্ঘ সময় ধরে তিনি কেন ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন এবং তার উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে তদন্তকারীরা প্রশ্ন তুলেছেন। তিনি কি একজন অবৈধ অভিবাসী, নাকি অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে ভারতে এসেছিলেন, সেই উত্তর খোঁজা হচ্ছে। গ্রেফতারের পর ওই মহিলাকে বৃহস্পতিবার রাতেই খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে এবং আজ শুক্রবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। এই ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থার উপর নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।