মুউচুয়াল ফান্ডে কোন ক্যাটাগরি সেরা? এক বছরের লাভ দেখে বিনিয়োগ করলেই বড় ভুল করবেন!

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই সাধারণ বিনিয়োগকারীরা একটি মারাত্মক ভুল করে বসেন। রিটার্ন চার্টের সবচেয়ে ওপরে থাকা ক্যাটাগরিটিকে চোখ বুজে বেছে নেওয়াই সেই ভুলের মূল কারণ। তবে ফিনান্সিয়াল বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ের ভালো রিটার্ন মানেই যে আগামী পাঁচ বছরেও সেই ফান্ড সেরা পারফর্ম করবে, তার কোনও নিশ্চয়তা নেই। ফ্লেক্সি-ক্যাপ, মিড-ক্যাপ এবং মাল্টি-অ্যাসেট—এই তিন ধরনের মিউচুয়াল ফান্ডের গঠন, পরিচালনার কৌশল এবং ঝুঁকির মাত্রা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। ওয়াইজ ফিনসার্ভের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার যাদবের দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত এক বছরে রিটার্নের নিরিখে ১২.১৪ শতাংশ রিটার্ন দিয়ে শীর্ষে রয়েছে মাল্টি-অ্যাসেট ফান্ড। যেখানে মিড-ক্যাপ দিয়েছে ৯.৩৭ শতাংশ এবং ফ্লেক্সি-ক্যাপ দিয়েছে মাত্র ৪.৫৭ শতাংশ। তবে মেয়াদ বাড়িয়ে তিন বা পাঁচ বছর করলে এই ছবিটা সম্পূর্ণ বদলে যায়। তিন বছরের মেয়াদে মিড-ক্যাপ ফান্ড গড়ে ১৭.৬৬ শতাংশ এবং পাঁচ বছরের মেয়াদে ১৭.০২ শতাংশ রিটার্ন প্রদান করে বাকি ক্যাটাগরিগুলোকে পেছনে ফেলে দিয়েছে। সেবির নিয়ম অনুযায়ী মিড-ক্যাপ ফান্ডকে তহবিলের অন্তত ৬৫ শতাংশ মাঝারি আকারের সংস্থায় বিনিয়োগ করতে হয়। মাঝারি সংস্থাগুলোর দ্রুত ব্যবসার প্রসারের সুযোগ থাকায় রিটার্ন বেশি হলেও, বাজারের মন্দার সময় এতে দ্রুত ও বড় পতনের ঝুঁকি থাকে। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং উচ্চ ঝুঁকি সহ্য করার ক্ষমতা যাদের রয়েছে, কেবল তাদের জন্যই এটি উপযোগী। অন্যদিকে ফ্লেক্সি-ক্যাপ ফান্ডে ফান্ড ম্যানেজারদের স্বাধীনতা অনেকটাই বেশি থাকে। বাজারের গতিপ্রকৃতি বুঝে তারা লার্জ, মিড কিংবা স্মল-ক্যাপ যেকোনো ক্যাটাগরিতে বিনিয়োগ বাড়াতে বা কমাতে পারেন। তিন এবং পাঁচ বছরের মেয়াদে এই ফান্ড যথাক্রমে ১৩.৪৮ এবং ১৩.১০ শতাংশ গড় রিটার্ন দিয়েছে। বারবার কোন ক্যাটাগরিতে বিনিয়োগ করবেন তা নিয়ে মাথা না ঘামিয়ে যারা পুরো ইকুইটি বাজারের সুবিধা এক জায়গায় পেতে চান, তাদের জন্য ফ্লেক্সি-ক্যাপ একটি নিরাপদ ও বহুমুখী বিকল্প। মাল্টি-অ্যাসেট ফান্ডের কৌশল আবার সম্পূর্ণ ভিন্ন। এই ফান্ড কেবল শেয়ার বাজারে আটকে না থেকে সোনা, রুপা কিংবা বন্ডের মতো বিভিন্ন খাতে টাকা ছড়িয়ে দেয়। সাম্প্রতিক এক বছরের পরিসংখ্যানে এটি শীর্ষে থাকলেও তিন ও পাঁচ বছরের মেয়াদে যথাক্রমে ১৫.০৭ এবং ১৩.ই৮০ শতাংশ রিটার্ন দিয়ে মিড-ক্যাপের পেছনে রয়েছে। বাজার যখন খুব অস্থির থাকে, তখন শেয়ার বাজারের ক্ষতি অন্য সম্পদ সামলে দেয়। সব মিলিয়ে, রিটার্নের বিচারে কোনও একক ফান্ডকে জয়ী বলা সম্ভব নয়। বড় ঝুঁকির বিনিময়ে বেশি লাভ চাইলে এবং পাঁচ বছরের বেশি সময় হাতে থাকলে মিড-ক্যাপ ফান্ড বেছে নেওয়া যেতে পারে। শুধু শেয়ার বাজারে বৈচিত্র্য ধরে রাখতে চাইলে ফ্লেক্সি-ক্যাপ এবং শেয়ারের পাশাপাশি সোনা বা ডেট ফান্ডে বিনিয়োগ ছড়িয়ে ভারসাম্য বজায় রাখতে অন্তত তিন বছরের মেয়াদের জন্য মাল্টি-অ্যাসেট ফান্ড বিবেচনা করা উচিত।