মালয়েশিয়ায় গোপন ছুটি কাটাচ্ছেন রাহুল গান্ধী? ছবি শেয়ার করে কটাক্ষ বিজেপির

বিহার বিধানসভা নির্বাচনের জোরদার প্রচার যখন তুঙ্গে, ঠিক তখনই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি ছবিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিজেপির দাবি, রাহুল নাকি মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র লাংকাভিতে ছুটি কাটাচ্ছেন। ছবিটি সামনে আসার পর থেকেই বিজেপি নেতৃত্ব কংগ্রেসকে তীব্র আক্রমণ করছে।

বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য এক্স-এ (আগের টুইটার) একটি ছবি পোস্ট করেছেন, যেখানে রাহুল গান্ধীকে সাদা টুপি এবং জিন্স শর্টসে দেখা যাচ্ছে। এই ছবিটি শেয়ার করে মালব্য দাবি করেন, “রাহুল গান্ধী আবারও হঠাৎ নিখোঁজ। এবার মালয়েশিয়ার লাংকাভিতে গোপন ছুটিতে গিয়েছেন।”

মালব্য আরও কটাক্ষ করে লেখেন, “বিহারের গরম হাওয়া ও ধুলোবালি সহ্য করতে না পেরে কংগ্রেসের যুবরাজকে ছুটি কাটাতে যেতে হয়েছে। অথবা এটা কোনো গোপন বৈঠকও হতে পারে।” বিজেপির অভিযোগ, বিহার ভোটের এই গুরুত্বপূর্ণ সময়ে দেশের মানুষের কথা না ভেবে রাহুল বিদেশে ছুটি কাটাতে গেছেন।

সম্প্রতি রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব যৌথভাবে বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’য় অংশ নিয়েছিলেন। ১ সেপ্টেম্বর এই পদযাত্রা শেষ হয়। প্রায় ২ সপ্তাহ ধরে টানা ১,৩০০ কিলোমিটার রোড শো করার পর, বিজেপি দাবি করছে যে রাহুল সরাসরি মালয়েশিয়ায় চলে গেছেন।

যদিও এই বিষয়ে কংগ্রেস বা রাহুল গান্ধীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

এই প্রথম নয়। এর আগেও সংসদ অধিবেশন বা ভোটের প্রচারের সময় রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে বিজেপি একাধিকবার প্রশ্ন তুলেছে এবং তাঁকে কটাক্ষ করেছে।