মালদায় ফের গুলি, আশঙ্কাজনক অবস্থায় আহত দ্বাদশ শ্রেণীর ছাত্র

মালদায় আবারও চললো গুলি। গুলিতে আহত হয়েছেন আবদুল সাহিদ (১৯) নামে এক দ্বাদশ শ্রেণীর ছাত্র। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তর করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে আটটায় এই ঘটনা ঘটে। বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবদুল সাহিদ ওই সময় বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর হঠাৎই তাকে গুলি করা হয়। একটি গুলি তার বুকের ডানদিকে লাগে।
আহত ছাত্রের পরিবার এই ঘটনার পেছনে রাজ সেখ নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তারা জানায়, কেন এই ঘটনা ঘটানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
গুলির ঘটনার পর আবদুলকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কলকাতায় স্থানান্তরের পরামর্শ দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত রাজ সেখকে গ্রেফতারের জন্য তল্লাশি চালাচ্ছে।