মাদক ঠেকে গ্রামবাসীদের হানা, অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর ছেলেসহ আটক ২

মাদকের বিরুদ্ধে লড়াইয়ে এবার সক্রিয় হলেন সাধারণ মানুষ। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ইন্দিরা কলোনি এলাকায় গ্রামবাসীরা জোট বেঁধে একটি বাড়িতে হানা দেন। সেখান থেকে দু’জন মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটককৃতদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর ছেলে রয়েছেন।

গ্রামবাসীদের অভিযোগ, জলপাইগুড়ি শহরের স্টেশন রোড এলাকার মাদক কারবারিরা এখন গ্রামে এসে সক্রিয় হয়েছে। সম্প্রতি শহরের বাসিন্দারা নিজেদের উদ্যোগে মাদকবিরোধী অভিযানে নেমে দু’জন কারবারির বাড়ি গুঁড়িয়ে দিয়েছেন। এই ঘটনার পর মাদক কারবারিরা শহরের বাইরে চলে আসে এবং গ্রামে তাদের কারবার শুরু করে।

আজ সকালে ইন্দিরা কলোনির একটি বাড়িতে ব্রাউন সুগারের আসর বসেছিল বলে অভিযোগ উঠেছে। সেখানেই মাদক বিক্রি ও কেনা চলছিল। গ্রামবাসীরা হানা দিয়ে এক মাদক বিক্রেতাকে এবং এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর ছেলেকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে পুলিশকে এই দু’জনকে হেফাজতে নিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়, কারণ তারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন।

পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় বাসিন্দারা এই এলাকায় মাদক ব্যবসা বন্ধে পুলিশের আরও সক্রিয় ভূমিকা দাবি করেছেন।