মেঝেতে বসে খাওয়া ভালো নাকি ডাইনিং টেবিলে? বাস্তুশাস্ত্রের এই নিয়ম না মানলে বিপদ অবধারিত!

আধুনিক জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্তমান যুগে ডাইনিং টেবিলে বসে খাওয়া একটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে। অন্দরসজ্জা বা সুবিধার খাতিরে মানুষ এখন ডাইনিং টেবিলকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। তবে প্রাচীন বাস্তুশাস্ত্র এবং আয়ুর্বেদে খাওয়ার ধরণ, ভঙ্গি এবং দিক সম্পর্কে বেশ কিছু সুনির্দিষ্ট নিয়ম উল্লেখ রয়েছে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, আমরা কীভাবে এবং কোন দিকে মুখ করে খাবার খাচ্ছি, তার সরাসরি প্রভাব পড়ে আমাদের স্বাস্থ্য, মানসিক স্থিতি এবং পারিবারিক সমৃদ্ধির ওপর।
মেঝেতে বসে খাওয়ার উপকারিতা
বাস্তুশাস্ত্র ও আয়ুর্বেদ উভয় শাস্ত্রেই সুখাসনে অর্থাৎ মেঝেতে পা মুড়ে বসে খাওয়াকে সর্বোত্তম ও সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই ভঙ্গিতে খাওয়ার সময় শরীর সরাসরি পৃথিবী উপাদানের সংস্পর্শে আসে, যা শরীরে ইতিবাচক শক্তি সঞ্চার করতে এবং মনকে শান্ত রাখতে সাহায্য করে। এছাড়া মেঝেতে বসে খাওয়াকে খাদ্যের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবেও দেখা হয়। এর ফলে ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে এবং অন্ন ও সম্পদের কোনো ঘাটতি হয় না।
তবে সরাসরি খালি মাটিতে বা মেঝেও বসে খাওয়া উচিত নয় বলে জানিয়েছে বাস্তুশাস্ত্র। কারণ সরাসরি মাটিতে বসলে শরীরের অভ্যন্তরীণ শক্তি মাটি দিয়ে শোষিত হতে পারে। তাই বসার সময় সর্বদা কুশ আসন, সুতির চাদর বা কাঠের পিঁড়ি ব্যবহার করা উচিত। এতে একদিকে যেমন শরীরের শক্তি সংরক্ষিত হয়, তেমনই পরিচ্ছন্নতাও বজায় থাকে।
কোন দিকে মুখ করে খাওয়া উচিত?
খাবার খাওয়ার সময় দিকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তু অনুযায়ী পূর্ব অথবা উত্তর-পূর্ব দিকে মুখ করে ভোজন করা সবচেয়ে মঙ্গলজনক।
পূর্ব দিক: এই দিকে মুখ করে খেলে মানসিক অবসাদ ও রোগব্যাধি দূর হয়, মস্তিষ্ক সজাগ থাকে এবং আয়ু বৃদ্ধি পায়। খাবারও খুব সহজে হজম হয়।
উত্তর-পূর্ব দিক: শিক্ষার্থীদের জন্য এই দিকটি সেরা। উত্তর বা উত্তর-পূর্ব দিকে মুখ করে খেলে ধন-সম্পদ, প্রজ্ঞা ও শিক্ষা লাভ হয়। এছাড়া ব্যবসার ক্ষেত্র ও আর্থিক উন্নতির জন্যও এই দিকটি অত্যন্ত অনুকূল।
এর বিপরীতে, ভুল করেও কখনো দক্ষিণ দিকে মুখ করে খাওয়া উচিত নয়। বাস্তু মতে দক্ষিণ দিকটি পিতৃপুরুষের দিক হিসেবে বিবেচিত হয়। এই দিকে মুখ করে ভোজন করলে হজমের গণ্ডগোল এবং মানসিক চাপ বহুগুণ বেড়ে যেতে পারে।
ডাইনিং রুমের সঠিক দিক
ঘরের অন্দরে ডাইনিং রুম বা ভোজন কক্ষের সঠিক অবস্থান কোথায় হওয়া উচিত, সে বিষয়েও দিকনির্দেশ রয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির পশ্চিম দিকে ডাইনিং রুম থাকা সবচেয়ে শুভ। এই দিকে খাবার খেলে জীবনের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ হয় এবং সুস্বাস্থ্য বজায় থাকে। যদি পশ্চিম দিকে ডাইনিং রুম তৈরি করা সম্ভব না হয়, তবে বিকল্প হিসেবে উত্তর-পূর্ব বা পূর্ব দিককেও বেছে নেওয়া যেতে পারে।