প্রেমিকের সঙ্গে সম্পর্ক মানতে না পেরে মেয়েকে খুন, আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা বাবার

নিজের কিশোরী মেয়েকে খুন করে সেই ঘটনাকে আত্মহত্যা বলে সাজানোর অভিযোগে মহারাষ্ট্রের দভলওয়াড়ি গ্রামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ওই ব্যক্তি মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি, আর সেই কারণেই তিনি এই নৃশংস কাজ করেছেন।

পুলিশের তদন্ত অনুযায়ী, অভিযুক্ত বাবা যোগদণ্ড গত ৫ সেপ্টেম্বর রাতে তার ঘুমন্ত মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি মেয়েটির মৃতদেহ ঘরের সিলিং থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেন যাতে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়।

জানা গেছে, যোগদণ্ডের দুটি বাড়ি ছিল। একটিতে তিনি তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকতেন, আর অন্যটিতে তার একমাত্র মেয়ে তার ঠাকুমার সঙ্গে থাকত। শুক্রবার রাতে অভিযুক্ত তার দ্বিতীয় বাড়িতে যান এবং তার ঘুমন্ত মেয়েকে খুন করেন।

ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ পাওয়া গেছে। প্রথমে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে সন্দেহ করলেও, পরে যোগদণ্ডকে জেরা করা হলে তিনি তার অপরাধ স্বীকার করেন। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়।