ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি কে? আজই ভাগ্য নির্ধারণ, রাধাকৃষ্ণন না সুদর্শন?

দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আজ, একদিকে এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ এবং অন্যদিকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র প্রার্থী বি সুদর্শন রেড্ডি মুখোমুখি। এই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সকল সাংসদ ভোট দিতে শুরু করেছেন।

পূর্ববর্তী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই মাসে পদত্যাগ করেন। তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও, তার পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে অনেক জল্পনা ছড়িয়েছিল। এই শূন্যপদ পূরণের জন্যই আজ উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সংখ্যা তত্ত্বের বিচারে এই নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট স্পষ্টতই এগিয়ে আছে। লোকসভা ও রাজ্যসভার সাংসদদের ভোটে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। মোট ভোট সংখ্যা ৭৮২। এর মধ্যে জয়ী হতে হলে ৩৯২টি ভোট প্রয়োজন।

এনডিএ জোট: লোকসভায় ২৯৩টি এবং রাজ্যসভায় ১৩৩টি আসন নিয়ে তাদের মোট আসন সংখ্যা ৪২৬।

‘ইন্ডিয়া’ জোট: কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোটের মোট আসন ৩১৫, যার মধ্যে আপ-এর ১২ জন সাংসদও রয়েছেন।

এই হিসাব অনুযায়ী, বিজেপি সহজেই তাদের প্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি পদে বসাতে পারবে।

বিজেপি শুধু জয়লাভই নয়, বরং ভোটের ব্যবধান বাড়িয়ে নিজেদের রেকর্ড ভাঙতে চাইছে। ২০২২ সালে জগদীপ ধনখড় ৩৪৬ ভোটে জয়ী হয়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে আরও বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়ে বিজেপি ‘ম্যান টু ম্যান মার্কিং’ কৌশল নিয়েছে। বিজেপি সাংসদদের ছোট ছোট দলে ভাগ করা হয়েছে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং ভোট নষ্ট না হয়।

ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ১০টায়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। গণনা শুরু হবে সন্ধ্যা ৬টায়। সকল নির্বাচিত ও মনোনীত সাংসদ গোপন ব্যালটে ভোট দিতে পারবেন। সকলের চোখ এখন নির্বাচনের ফলাফলের দিকে, যা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে।