মাত্র ৩৯ টাকায় এসি বাসে আরামদায়ক যাতায়াত! বর্ষার মরসুমে মহিলাদের জন্য বিরাট সুখবর আনল ‘যাত্রী সাথী’

বর্ষার দিনে শহরের জমা জল, তীব্র গরম, ভিড় বাস কিংবা ট্রাফিকের অন্তহীন ঝামেলা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এক দুর্দান্ত পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। মহিলাদের সম্পূর্ণ সুরক্ষিত ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে জনপ্রিয় ‘যাত্রী সাথী’ (Yatri Sathi) অ্যাপের মাধ্যমে এবার চালু করা হলো বিশেষ এসি শাটল বাস পরিষেবা। মাত্র ৩৯ টাকার বিনিময়ে এই ঝাঁ চকচকে এসি বাসে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। আপাতত শহরের তিনটি অত্যন্ত ব্যস্ত রুটে এই পরিষেবা শুরু হয়েছে, যা বিশেষ করে অফিসযাত্রী এবং কর্মরতা মহিলাদের দৈনন্দিন যাতায়াতকে অনেকটাই সহজ করে তুলবে।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে শহরের মোট তিনটি গুরুত্বপূর্ণ রুটে এই এসি শাটল বাসগুলি চলাচল করবে। প্রথম রুটটি হলো নিউটাউন থেকে সল্টলেক সেক্টর ফাইভ। আইটি সেক্টরের কর্মী ও মহিলাদের কথা মাথায় রেখে এই রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতি কুড়ি মিনিট অন্তর বাস পাওয়া যাবে। দ্বিতীয় রুটটি সংযোগ স্থাপন করেছে হাওড়া স্টেশন থেকে ধর্মতলার সঙ্গে, যা দূরপাল্লার ট্রেন ধরে আসা যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছতে সাহায্য করবে। আর তৃতীয় রুটটি হলো গড়িয়া থেকে শুরু হয়ে রুবি মোড় হয়ে সায়েন্স সিটি পর্যন্ত, যা দক্ষিণ কলকাতার নিত্যযাত্রীদের জন্য এক বিরাট প্রাপ্তি।

এই পরিষেবার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অত্যন্ত সাশ্রয়ী ভাড়া। মাত্র ৩৯ টাকা ভাড়ায় সম্পূর্ণ এয়ার কন্ডিশন্ড বাসে চড়ার সুযোগ মিলছে। শুধু তাই নয়, সুরক্ষার দিকটিতেও বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রতিটি বাসে রয়েছে সিসিটিভি (CCTV) ক্যামেরা, জিপিএস (GPS) ট্র্যাকিং সিস্টেম এবং জরুরি অবস্থার জন্য প্যানিক বোতাম। পাশাপাশি, মহিলাদের সর্বোচ্চ নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি বাসেই রাখা হয়েছে মহিলা কন্ডাক্টর। বাসে দাঁড়িয়ে যাত্র করার কোনো ঝামেলা নেই, কারণ প্রতিটি সিট বুক করার সুব্যবস্থা রয়েছে এবং বাসগুলি নির্দিষ্ট স্টপেজেই থামবে।

এই এসি শাটল বাস বুক করতে হবে সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে, অর্থাৎ ‘যাত্রী সাথী’ অ্যাপের সাহায্যে। অ্যাপটি ওপেন করে ‘AC Shuttle’ অপশনটি বেছে নিতে হবে। এরপর নিজের পছন্দমতো রুট, সময় এবং সিট বুক করে ইউপিআই (UPI) বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এমনকি অফিস টাইমের তীব্র ভিড় এড়াতে যাত্রীরা আগের দিন রাতেই সিট বুক করে রাখতে পারবেন। তবে মনে রাখতে হবে, এর জন্য কোনো অফলাইন টিকিট কাটার কাউন্টার বা ব্যবস্থা রাখা হয়নি। বর্ষার মরসুমে অটো-টোটোর চড়া ভাড়া ও মেট্রোর অতিরিক্ত ভিড় এড়িয়ে মাত্র ৩৯ টাকায় এমন নিরাপদ ও সময়মতো বাস পরিষেবা চালু হওয়ায় দারুণ খুশি শহরবাসী। এই রুগুলোতে ভালো সাড়া মিললে আগামী দিনে আরও নতুন রুটে এই পরিষেবা সম্প্রসারণ করা হতে পারে বলে জানিয়েছে পরিবহণ দফতর।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty