মাত্র কয়েক ঘণ্টা পরেই ভোলবদল! ভারতকে ‘বিশেষ বন্ধু’ বললেন ট্রাম্প, কিন্তু….

ভারত, চীন ও রাশিয়াকে নিয়ে করা মন্তব্যের মাত্র কয়েক ঘণ্টা পরেই সুর বদলে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ভারতের সঙ্গে তার ‘বিশেষ সম্পর্কের’ কথা তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন। তবে একই সঙ্গে ভারতের ওপর আরোপিত উচ্চ শুল্ক নিয়েও মুখ খুলেছেন তিনি।
শুক্রবার হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, “ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছে, এতে আমি হতাশ। তবে আমার মনে হয় না যে আমরা ভারতকে হারিয়েছি।” তিনি আরও যোগ করেন, “মোদীর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, আপনারা তা জানেন। দুই মাস আগে তিনি এখানে এসেছিলেন এবং আমরা একসঙ্গে সাংবাদিক বৈঠকও করেছি।”
ট্রাম্প স্পষ্ট করে বলেন, “আমি সবসময়ই মোদীর বন্ধু থাকব। উনি খুব ভালো প্রধানমন্ত্রী। বন্ধুত্ব সবসময় থাকবে, তবে এই মুহূর্তে তিনি যা করছেন, সেটা আমার ভালো লাগছে না। ভারত এবং আমেরিকার মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে।”
ভারত-মার্কিন সম্পর্কের অবনতির অন্যতম কারণ হলো বাণিজ্য শুল্ক। ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথা উল্লেখ করে বলেন, “আমরা ভারতের ওপর একটি খুব বড় শুল্ক আরোপ করেছি, ৫০ শতাংশ।” এই উচ্চ শুল্কের কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন চলছে।
গত আগস্ট মাস থেকে ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপ এবং রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকা ক্ষোভ প্রকাশ করে আসছে। এর আগে ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে ভারত, চীন ও রাশিয়ার জোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু এবার তার এই নরম মনোভাব থেকে বোঝা যাচ্ছে, তিনি ভারত-মার্কিন সম্পর্ককে আরও মজবুত করতে চাইছেন।