উৎসবের মরশুমেই ফের শহরে জাল নোটের হদিশ! ২৫ লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার ১

উৎসবের মরশুম শুরুর আগেই কলকাতায় একটি বড় জাল নোটের চক্রের সন্ধান পেল পুলিশ। হেয়ার স্ট্রিট থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকার জাল ৫০০ টাকার নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সঞ্জীব মজুমদার এবং সে হুগলির উত্তরপাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) হেয়ার স্ট্রিট থানার পুলিশ ওল্ড চায়না বাজার এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। তার হাতে একটি বড় ব্যাগ ছিল। পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে কথায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর ব্যাগটি তল্লাশি করে ভেতরে বিপুল পরিমাণ জাল নোটের বান্ডিল পাওয়া যায়।
পুলিশ মনে করছে, পুজোর কেনাকাটার ভিড়ে এই জাল টাকা বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। এত বিপুল পরিমাণ জাল নোটের উৎস কোথায় এবং এর পেছনে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সঞ্জীব মজুমদারকে শনিবার আদালতে তোলা হবে এবং পুলিশ তাকে হেফাজতে নেওয়ার আবেদন করবে।