চিকিৎসক মৃত ঘোষণা করেছিলেন, শেষকৃত্যের সময় কাশি দিয়ে বেঁচে উঠলেন যুবক!

অবিশ্বাস্য হলেও সত্যি! ব্রেন ডেড ঘোষণার পর শেষকৃত্যের প্রস্তুতির সময়ে হঠাৎ কাশতে শুরু করে নড়ে উঠলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিক শহরে। এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, ১৯ বছর বয়সী ভাউ লাচকে ত্রিম্বকেশ্বর তালুকের বাসিন্দা। সম্প্রতি এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে নাসিকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে ব্রেন ডেড ঘোষণা করেন এবং তাকে মৃত বলে জানান।
ভাউয়ের আত্মীয় গঙ্গরাম শিন্ডে জানান, তারা শেষকৃত্যের সব আয়োজন সম্পন্ন করে ফেলেছিলেন। ঠিক সেই সময়ে হঠাৎ তারা লক্ষ্য করেন ভাউ নড়াচড়া করছেন এবং কাশতে শুরু করেছেন। এই অলৌকিক ঘটনা দেখে তারা হতবাক হয়ে যান এবং দ্রুত তাকে নাসিকের জেলা হাসপাতালে ফিরিয়ে নিয়ে যান। বর্তমানে ভাউকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।
এই ঘটনায় প্রশ্ন উঠেছে ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের ভূমিকা নিয়ে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের কথা বুঝতে ভুল হয়েছে এবং তারা কখনও ভাউকে মৃত ঘোষণা করেননি।