মাঝরাস্তায় মদের বোতল আর সুখটান! তরুণীর কীর্তিতে স্তব্ধ রাজপথ, ভাইরাল ভিডিও

উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার ব্যস্ত রাস্তায় এক যুবতীর চরম অসংলগ্ন আচরণে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, দিনের আলোয় ৩২ বছর বয়সী ওই যুবতী মত্ত অবস্থায় রাস্তার মাঝখানে শুয়ে রয়েছেন। তাঁর এক হাতে জ্বলন্ত সিগারেট এবং পাশে পড়ে রয়েছে মদের বোতল। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবতী কাছেই একটি হাউসিং সোসাইটির বাসিন্দা।

মদ্যপ অবস্থায় তিনি রাস্তার ওপর দীর্ঘক্ষণ শুয়ে থাকায় যান চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পথচারী ও স্থানীয়রা তাঁকে বারবার উঠে যাওয়ার অনুরোধ করলেও তিনি কর্ণপাত করেননি, বরং সেখানেই শুয়ে সুখটান দিতে থাকেন। এই অদ্ভুত ঘটনায় নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনেকে প্রশ্ন তুলেছেন, প্রকাশ্য স্থানে এমন বিশৃঙ্খল আচরণের বিরুদ্ধে পুলিশ কেন তাৎক্ষণিক পদক্ষেপ নিল না। নেটিজেনদের একাংশের মতে, অভিযুক্ত কোনো পুরুষ হলে এতক্ষণে কঠোর ব্যবস্থা নেওয়া হতো। প্রশাসনের নিস্পৃহতা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে।