গ্র্যামির দৌড়ে অরিজিৎ সিং! বিশ্বমঞ্চে বাজবে ‘ধুরন্ধর ২’-এর ম্যাজিক

বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করার পর এবার বিশ্বসংগীতের সবচেয়ে বড় মঞ্চে ইতিহাস গড়ার পথে আদিত্য ধর পরিচালিত মেগা হিট ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’। রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন ও অক্ষয় খান্না অভিনীত এই ছবির সাফল্যের ঝুলি এবার সমৃদ্ধ হতে চলেছে আন্তর্জাতিক পরিসরে। মর্যাদাপূর্ণ ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের একাধিক বিভাগে আনুষ্ঠানিকভাবে জমা পড়েছে এই ফ্র্যাঞ্চাইজির সাউন্ডট্র্যাক, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে অরিজিৎ সিংয়ের গাওয়া একটি বিশেষ গান।

টি-সিরিজ এবং বি৬২ স্টুডিওসের যৌথ উদ্যোগে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভারতীয় সংগীতপ্রেমীদের মধ্যে উদ্দীপনা তুর্কঙ্গে পৌঁছেছে। বিশেষ করে, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির ‘ফিরসে’ (Phir Se) গানটিকে ভিজ্যুয়াল মিডিয়া ক্যাটাগরির (Best Song Written for Visual Media) অধীনে গ্র্যামি বিবেচনার জন্য পাঠানো হয়েছে।

এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে নিজের অনুভূতির কথা অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অরিজিৎ সিং। তিনি লিখেছেন, এই গানটি গ্র্যামি মনোনয়নের বিবেচনার জন্য জমা পড়ায় তিনি আনন্দিত এবং শ্রোতাদের অবিরাম ভালোবাসার জন্য কৃতজ্ঞ।

শুধু অরিজিতের একক গানই নয়, গোটা ছবির সাউন্ডট্র্যাক অ্যালবামটিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে একটি বিশাল গ্র্যামি ক্যাম্পেইন চালু করেছে প্রযোজনা সংস্থা। গ্লোবাল মিউজিক, এশিয়ান পপ, র‍্যাপ এবং ইলেকট্রনিক রেকর্ডিংসের মতো বৈচিত্র্যময় বিভাগে জমা পড়েছে ‘আরি আরি’ ও ‘জান সে গুজারতে হ্যায়’-এর মতো জনপ্রিয় ট্র্যাকগুলোও। এখন দেখার পালা, প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত মূল মনোনয়নের তালিকায় জায়গা করে নিতে পারে কিনা ভারতীয় সংগীতের এই প্রজেক্টটি।