পুরাতন মালদহে হাড়হিম করা নৌকাডুবি! বুধবার সন্ধ্যায় মুচিয়া গ্রাম পঞ্চায়েতের টাঙন নদীর ডাহুক ঘাটে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। জমির ধান নৌকা বোঝাই করে পাড়ে ফেরার সময় অতিরিক্ত ভারে মাঝনদীতেই উলটে যায় নৌকাটি। চারজন শ্রমিকের মধ্যে দুজন সাঁতরে কূলে উঠতে পারলেও, তীব্র স্রোতে তলিয়ে যান দুই যুবক শ্রমিক— জাহাঙ্গীর মিয়াঁ (২৪) ও জাকির মিয়াঁ (২৩)। নিখোঁজ দুজনেই কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চরি অনন্তপুর গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী তথা সহকর্মী সাজলু শেখ জানান, “নৌকায় প্রায় ১০০ গাঁট ধান তোলা হয়েছিল। মাঝনদীতে নৌকাটি বিপজ্জনকভাবে দুলতে শুরু করে। ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেও লাভ হয়নি। মুহূর্তের মধ্যে সব তলিয়ে যায়।” স্থানীয় জমির মালিক তপেশ মহালদার জানান, ওই শ্রমিকরা তাঁদের মজুরির ধান নিয়েই ফিরছিলেন।
বৃহস্পতিবার সকাল থেকেই টাঙন নদীতে বিপর্যয় মোকাবিলা বাহিনী (DMRG), কেন্দ্রীয় বাহিনী এবং ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে। মালদহ থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, “প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজদের উদ্ধারের সবরকম চেষ্টা চালানো হচ্ছে, তবে এখনও পর্যন্ত কারও সন্ধান মেলেনি।” সীমান্তে শোকের ছায়া নেমে এসেছে।





