যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের একবার শিরোনামে আনন্দ পটবর্ধনের বিতর্কিত তথ্যচিত্র ‘রাম কে নাম’। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় চত্বরে এক ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী ঘিরে দিনভর জল্পনা চললেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় অনুষ্ঠান। ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংস এবং রাম জন্মভূমি ইস্যু নিয়ে তৈরি এই তথ্যচিত্রটি বারবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্কের কেন্দ্রে এসেছে।
সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য এই প্রদর্শনীর জন্য আনুষ্ঠানিক অনুমতি দেননি। তবে আয়োজকদের দাবি, ক্যাম্পাসের মুক্ত আঙিনায় এই ধরণের কাজের জন্য আলাদা অনুমতির প্রয়োজন নেই। অন্যদিকে, আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি এই প্রদর্শনীর তীব্র বিরোধিতা করে। সম্প্রতি ক্যাম্পাসে সঙ্ঘের সক্রিয়তা এবং রামনবমীর পুজোর আবহে এই ঘটনা এক নতুন রাজনৈতিক মাত্রা যোগ করেছে। সমাজবিদ্যা বিভাগের ছাত্র অনুভব গুপ্তের কথায়, “এই ছবি দেশে নিষিদ্ধ নয়, আমরা কর্তৃপক্ষকে আগেই ইমেইল করে জানিয়েছিলাম।” অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হলেও শেষ পর্যন্ত কোনও বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয় এই হাই-ভোল্টেজ প্রদর্শনী।





