মহানায়কের জন্মশতবর্ষে বিরাট চমক! দুর্লভ পোস্টার আর অদেখা স্মারকে সেজে উঠছে কলকাতা, জানুন দিনক্ষণ

উত্তম কুমার—শুধু একটি নাম নয়, বাঙালির চিরায়ত আবেগ, ভালোবাসা এবং সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক অনন্য অধ্যায়। রূপালি পর্দায় তাঁর জাদুকরী উপস্থিতি, অভিনয়ের অনুপম স্বতন্ত্রতা এবং অনন্য ব্যক্তিত্ব তাঁকে আজও প্রজন্মের পর প্রজন্মের কাছে সমান জনপ্রিয় ও জীবন্ত করে রেখেছে। মহানায়কের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে এবার কলকাতায় আয়োজিত হতে চলেছে তাঁর চলচ্চিত্রজীবন ও জনপ্রিয়তার সঙ্গে জড়িয়ে থাকা নানা দুর্লভ স্মারকের এক বিশেষ ও বর্ণাঢ্য প্রদর্শনী—‘উত্তম-দ্য মহানায়ক’।

আগামী ২০ থেকে ২৪ আগস্ট, ২০২৬ সাল পর্যন্ত কলকাতার যামিনী রায় গ্যালারি, আইসিসিআর (ICCR)-এ এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত থাকবে। তবে প্রদর্শনীর প্রথম দিন অর্থাৎ আগামী ২০ আগস্টের সময়সূচিতে সামান্য পরিবর্তন রাখা হয়েছে। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর নিবেদনে এবং খুকুমণির সহযোগিতায় এই জমকালো প্রদর্শনীর আয়োজন করেছে সৃজনশীল সংস্থা থিজম ইভেন্টস।

এই প্রদর্শনীর অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে মহানায়ককে ঘিরে দীর্ঘ দুই দশক ধরে তিল তিল করে সংগ্রহ করা চলচ্চিত্রের দুর্লভ প্রচারসামগ্রী। বিশিষ্ট চলচ্চিত্র পোস্টার সংগ্রাহক সুদীপ্ত চন্দের অমূল্য সংগ্রহ থেকে এক ছাদের নীচে দর্শকরা দেখতে পাবেন উত্তম কুমারের অভিনীত ও প্রযোজিত বিভিন্ন ক্লাসিক ছবির পোস্টার, লবি কার্ড, বুকলেট, দুর্লভ গানের বই, পুরোনো গ্রামোফোন রেকর্ড, অদেখা ফিল্ম স্টিল, ছবির রঙিন বিজ্ঞাপন, পুরোনো পত্র-পত্রিকায় প্রকাশিত এক্সক্লুসিভ প্রতিবেদন এবং ছবি-সহ বহু মূল্যবান সামগ্রী। বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো, এবছরই সুদীপ্ত চন্দের সংগ্রাহকজীবনের গৌরবময় কুড়ি বছর পূর্ণ হতে চলেছে।

ছাত্রাবস্থা থেকেই চলচ্চিত্রের পোস্টারের প্রতি সুদীপ্তের গভীর অনুরাগ জন্ম নেয়। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের প্রাক্তনী সুদীপ্ত পরবর্তীকালে নিজের স্কুলেই সরস্বতী পুজোর সময় প্রথম চলচ্চিত্র পোস্টারের প্রদর্শনীর আয়োজন করেছিলেন। গত দুই দশকে তিনি অমিতাভ বচ্চন, কিশোর কুমার, রাহুল দেব বর্মন, সুচিত্রা সেন ও সৌমিত্র চট্টোপাধ্যায়-সহ ভারতীয় ও বাংলা চলচ্চিত্রের একাধিক কিংবদন্তিকে নিয়ে সফল প্রদর্শনীর আয়োজন করেছেন। কলকাতার পাশাপাশি ত্রিপুরার ফুসফুসেও তাঁর এই ব্যতিক্রমী পোস্টার প্রদর্শনী ব্যাপক প্রশংসিত হয়েছে।

এবারের প্রদর্শনীতে উত্তম কুমারের সঙ্গে যুক্ত প্রায় ৮০টি ছবির পোস্টার দর্শকদের সামনে তুলে ধরা হবে, যা এককথায় ঐতিহাসিক। তাঁর নিজের প্রযোজিত হিন্দি ছবি ‘ছোটি সি মুলাকাত’-এর দুটি ভিন্ন আকার ও নকশার পোস্টার বিশেষ আকর্ষণ হতে চলেছে। পাশাপাশি দেখা যাবে কালজয়ী ছবি ‘অমানুষ’-এর হিন্দি মুম্বই প্রিন্টের বিশাল আকারের পোস্টার এবং ‘দূরিয়া’-র দুটি ভিন্ন ডিজাইনের পোস্টার। এছাড়া ‘বন্দী’ ও ‘বহ্নিশিখা’-র মতো বিখ্যাত ছবির দুই শিটের বড় পোস্টারও প্রদর্শনীতে উপস্থিত থাকবে।

শুধু পোস্টারেই নয়, সংগ্রহের তালিকায় রয়েছে ‘যাত্রা হলো শুরু’, ‘পুনর্মিলন’, ‘পুত্রবধূ’, ‘প্রিয় বান্ধবী’-সহ একাধিক ছবির ক্যালেন্ডার-তারিখ দেওয়া অত্যন্ত দুর্লভ পোস্টার। এমনকি ‘বন্দী’ ছবির ওড়িয়া হরফে মুদ্রিত বিরল পোস্টারও এই প্রদর্শনীতে বিশেষ জায়গা করে নিয়েছে। প্রায় ১০০টি দুর্লভ বুকলেটের পাশাপাশি থাকছে ‘মন্ত্রশক্তি’, ‘সঞ্জীবনী’, ‘হ্রদ’, ‘বকুল’, ‘শঙ্কর নারায়ণ ব্যাংক’, ‘দেবত্র’, ‘বসু পরিবার’, ও ‘নবীন যাত্রা’-র মতো ছবির প্রচারসামগ্রী। মহানায়কের নিজের গাওয়া গানের রেকর্ডের পাশাপাশি তাঁর অভিনীত ছবির রেকর্ড, গানের বই, ‘নিশান’ ছবির অফিশিয়াল লেটারহেড, পুরোনো পত্র-পত্রিকায় প্রকাশিত ছবির বিজ্ঞাপন ও প্রতিবেদন, সুচিত্রা সেনকে নিয়ে প্রকাশিত বিভিন্ন দুর্লভ প্রতিবেদন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের অদেখা ছবি, ফিল্ম স্টিল, লবি কার্ড এবং বিশেষ ডাকটিকিটও প্রদর্শনীতে রাখা হবে।

প্রদর্শনী প্রসঙ্গে সংগ্রাহক সুদীপ্ত চন্দ বলেন, “দীর্ঘ দু’দশক ধরে একটা ভালোবাসাকে সযত্নে লালন করে আসছি। ভবিষ্যৎ প্রজন্ম, যাঁরা চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেন বা আগ্রহ রাখেন, তাঁরা এই সংগ্রহ দেখলে একটি সুনির্দিষ্ট সময়কাল সম্পর্কে স্পষ্ট ধারণা করতে পারবেন। এই ধরনের প্রদর্শনী আমাদের গৌরবময় অতীত সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন ও আগ্রহী করে তোলে।” মহানায়কের জন্মশতবর্ষে এই প্রদর্শনী বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপনের এক অনন্য প্রয়াস।