মর্মান্তিক পথ দুর্ঘটনা, পিকআপ ভ্যানের ধাক্কায় বাইক আরোহী পুলিশকর্মীর মৃত্যু

পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৪টা নাগাদ এই ঘটনা ঘটে। মৃত পুলিশকর্মীর নাম সমীর বসাক (৪৮), যিনি জুনপুট উপকূল থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। তার বাড়ি হাওড়া জেলার সাঁতরাগাছি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সমীর বসাক বাইকে করে কাঁথির দিকে যাচ্ছিলেন। সেই সময় মারিশদা লোকালবোর্ড সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তিনি জাতীয় সড়কের ওপর ছিটকে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে জুনপুট উপকূল থানার ওসি কামার হাসিদ সহ একাধিক পুলিশকর্মী হাসপাতালে পৌঁছান। সমীর বসাকের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। ওসি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।