এশিয়ান গেমসে ভারতের সোনা জয়ের মিশন! কবে, কার বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া?

জাপানের আইচি-নাগোয়া শহরে শুরু হতে চলা ২০২৬ এশিয়ান গেমসের ক্রিকেট সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর থেকে মহাযজ্ঞ শুরু হলেও ক্রিকেট ম্যাচ গড়াবে ১৭ সেপ্টেম্বর থেকেই। পুরুষ ও মহিলা—উভয় বিভাগেই সোনা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে টিম ইন্ডিয়া। আগের আসরের মতো এবারও শক্তিশালী পারফরম্যান্স ধরে রাখতে মুখিয়ে রয়েছে ভারতীয় দল।

মহিলাদের ক্রিকেট ইভেন্ট চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে সরাসরি কোয়ার্টার ফাইনাল রাউন্ড দিয়ে অভিযান শুরু করবে ভারতীয় মহিলা দল। আগামী ১৮ সেপ্টেম্বর ভারতীয় সময় বিকেল ৫:৩০ মিনিটে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে তারা। অন্যদিকে, পুরুষদের টি-টোয়েন্টি ইভেন্ট অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত। র‍্যাঙ্কিংয়ের সুবাদে পুরুষ দলও সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে ভারতীয় পুরুষ দল, যেখানে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এ’ (আফগানিস্তান, নেপাল ও জাপানের একটি)-এর রানার্সআপ দল। গতবারের সোনা জয়ের ধারা বজায় রেখে এবারও ভারতীয় দল পোডিয়ামে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়।