দক্ষিণবঙ্গে আজও অস্বস্তি, কিন্তু সুখবর! অবশেষে বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ ১৫ জেলায়

ভাদ্র মাসের গরমে দক্ষিণবঙ্গের মানুষ যখন আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছেন, তখন অবশেষে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গে জারি রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে ভাদুরের গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

অপরদিকে, উত্তরবঙ্গের ৮টি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৭ থেকে ১১ সেমি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া, দুই দিনাজপুর, মালদা, কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বর্ষা বিদায় নেওয়ার আগে আবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে তার দাপট দেখাচ্ছে।