পশ্চিমবঙ্গের রাজনীতির অন্দরমহলে যখন টালমাটাল পরিস্থিতি, তখনই ফের বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দিল্লির রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা উসকে দিলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জী। এদিন সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে যান রচনা। চমকপ্রদ বিষয় হলো, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের গাড়িতে চেপেই তিনি মন্ত্রীর বাসভবনে পৌঁছান।
দিল্লিতে নেমেই সোজা বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, এদিন লোকসভার স্পিকার ওম বিরলার সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর।
নিজের অবস্থানের ব্যাখ্যায় রচনা ব্যানার্জী বলেন, “দিদির (মমতা ব্যানার্জী) প্রতি আমার শ্রদ্ধা অটুট। কিন্তু দিদির ছায়ায় থেকে কাজ করতে বাধা আসছে বলে আমার মনে হয়। কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকলে পশ্চিমবঙ্গের উন্নয়ন আরও গতি পাবে। শুভেন্দু অধিকারীর কাজের মাধ্যমেই আমরা সেই ইঙ্গিত পেয়েছি।”
তবে দলত্যাগ বিরোধী আইনের ফাঁড়া এড়াতে এক অভিনব কৌশল নিয়েছেন বিদ্রোহী সাংসদরা। তারা তৃণমূল ছেড়ে ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই) নামক একটি স্বল্পপরিচিত দলে যোগ দিয়েছেন এবং দলটির নিয়ন্ত্রণও নিজেদের হাতে তুলে নিয়েছেন। দলের নতুন জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের অন্দরে এই বিদ্রোহ আগামী দিনে মমতা ব্যানার্জীর জন্য কতটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।





