‘মন্থা’র তাণ্ডব! স্থলভাগে ল্যান্ডফল কবে? পশ্চিমবঙ্গেও ঝড়-বৃষ্টির সতর্কতা!

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘মন্থা’-তে পরিণত হওয়ার আশঙ্কায় সপ্তাহের শুরুতেই চরম দুর্যোগের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণ ভারতের ৪টি রাজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। যদিও পশ্চিমবঙ্গে সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা কম, তবে এর প্রভাবে রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপটি দ্রুত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সোমবার সকালেই এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এরপর এটি আরও উত্তর-পশ্চিম এবং উত্তর দিকে এগিয়ে মঙ্গলবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে (Severe Cyclonic Storm) পরিণত হতে পারে।

ল্যান্ডফল কোথায়? আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী মঙ্গলবার গভীর রাতে ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের মছলিপতনম ও কলিঙ্গপতনমের মধ্যবর্তী কাকিনাড়া অঞ্চলের কাছাকাছি দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। ল্যান্ডফলের সময় বাতাসের গতি ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার হতে পারে, যা সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

বাংলায় ‘মন্থা’-র প্রভাব:
ঘূর্ণিঝড় ‘মন্থা’ পশ্চিমবঙ্গে সরাসরি আঘাত হানবে না বলে আশা করা হলেও, এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। এই কারণে, ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় প্রতি ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (সোম ও মঙ্গলবার):

আজ, সোমবার: দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কা নেই।

আগামীকাল, মঙ্গলবার: দুর্যোগের পরিমাণ কিছুটা বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি জায়গায় জোর বর্ষণ হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

ঝড়ো হাওয়ার সতর্কতা: মঙ্গলবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া: ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব উত্তরবঙ্গে পড়বে না। তবে এই সপ্তাহে হালকা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।