নির্বাচনের দামামা বাজতেই ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার বসিরহাট। বসিরহাট দক্ষিণ বিধানসভার সাকচুরা বাগুণ্ডি পঞ্চায়েতের ইটিন্ডা দাসপাড়া এলাকায় এক বিজেপি কর্মী ও তাঁর বাবার ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ৫৬ নম্বর বুথের এই ঘটনায় বর্তমানে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
ঘটনার সূত্রপাত:
স্থানীয় সূত্রে খবর, প্রফুল্ল দাস ও তাঁর ছেলে তারক দাস সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। গত শুক্রবার বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী শৌর্য বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমার মিছিলে যোগ দিয়েছিলেন তারক। অভিযোগ, মিছিল থেকে বাড়ি ফেরার পর রাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য দুলাল দাসের নেতৃত্বে একদল দুষ্কৃতী তাঁদের বাড়িতে চড়াও হয়। তারককে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর বৃদ্ধ বাবা প্রফুল্ল দাসও। লাঠি, বাঁশ ও লোহার রড দিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে প্রফুল্ল দাস বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন।
রাজনৈতিক চাপানউতোর:
বিজেপি প্রার্থী শৌর্য বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, স্রেফ বিজেপি করার অপরাধেই তাঁদের কর্মীদের ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। তাঁরা নির্বাচন কমিশন ও থানায় অভিযোগ জানাচ্ছেন। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র একে ‘পারিবারিক বিবাদ’ বলে দাবি করেছেন। তাঁর মতে, পায়ের তলায় মাটি নেই দেখেই বিজেপি প্রতিটি ঘটনাকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে।





