মধ্যপ্রাচ্যে ভারতীয় নাবিকদের ওপর বড় বিপর্যয়! জাহাজে জলন্ত হামলায় নিভে গেল তাজা প্রাণ, উদ্ধার ১৩ জন!

ওমান উপকূলের কাছে এক ভয়াবহ ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায় রক্তে ভেসে গেল ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক কার্গো জাহাজ ‘এমএসভি আল জুসুফি’। অজ্ঞাত পরিচয় আকাশযানের (এরিয়াল অবজেক্ট) অতর্কিত আঘাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে গান্ধার নাহিম আজিজ নামের এক ভারতীয় নাবিকের। নিহত ওই নাবিক গুজরাটের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মর্মান্তিক ঘটনার কথা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন।

ঘটনাটি ঘটে সোমবার, যখন ১৪ জন ভারতীয় নাবিককে নিয়ে জাহাজটি ওমান উপকূলের দিকে এগোচ্ছিল। আচমকাই ওপর থেকে আসা এক রহস্যময় আকাশযান সজোরে আঘাত হানে জাহাজটিতে। মুহূর্তে মধ্যে আগুন ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে ওমান কোস্ট গার্ডের দ্রুত তৎপরতায় জাহাজে থাকা বাকি ১৩ জন ভারতীয় নাবিককে অলৌকিকভাবে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান গুজরাটের ওই নাবিক। নিহত ও জীবিত সমস্ত নাবিককে দ্রুত দেশে ফেরাতে মাস্কাটের ভারতীয় দূতাবাস ওমানি কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে।

উল্লেখ্য, লোহিত সাগর ও পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান ও হুথি বিদ্রোহীদের সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের নৌপথগুলি এখন চরম যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সম্প্রতি এই অঞ্চলে চলা উত্তেজনায় এ পর্যন্ত ২২ জন ভারতীয় প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১৪ জনই মার্চেন্ট নেভির নাবিক। এই চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে ইতিমধ্যেই হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজে ভারতীয়দের নিয়োগের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক বাণিজ্যিক জাহাজে এই ধরনের হামলা বিশ্বজুড়ে এক মারাত্মক সামুদ্রিক সংকট তৈরি করেছে।