অবতরণের সময় মাঝআকাশে ভয়াবহ সংঘর্ষ! বরফের পাহাড়ে ভেঙে পড়ল ২ হেলিকপ্টার, নেপালে তোলপাড়!

নেপালের দুর্গম পাহাড়ি আকাশে এক হৃদয়বিদারক ও ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। সোলুখুম্বু জেলায় অবতরণের ঠিক শেষ মুহূর্তে মাঝআকাশে মুখোমুখি সংঘাত ঘটে দুটি হেলিকপ্টারের। দুই কপ্টারের রোটর ব্লেড বা ডানায় সজোরে ধাক্কা লাগার পর নিয়ন্ত্রণ হারিয়ে বরফে ঢাকা দুর্গম পাহাড়ি খাঁদে আছড়ে পড়ে কপ্টার দুটি। এই ভয়াবহ দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নেপাল পুলিশ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সোলুখুম্বু জেলার একটি ব্যস্ত হেলিপোর্টে অবতরণের সময়েই ঘটে এই নারকীয় বিপর্যয়।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভয়াবহ দুর্ঘটনার এক শিউরে ওঠা ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, হেলিপ্যাডের সামান্য উঁচুতে থাকা অবস্থায় একটি হেলিকপ্টারের পাখার সঙ্গে অপরটির রোটর পেঁচিয়ে যায় এবং পর মুহূর্তেই বিশাল দুমড়ে-মুচড়ে দুটি কপ্টার পাহাড়ের খাঁদে গড়িয়ে পড়ে। সোলুখুম্বু জেলার পুলিশ আধিকারিক নবীন রাজা বুধাতোকি সংবাদসংস্থাকে জানিয়েছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক বিদেশির মৃত্যু হয়েছে এবং সংকটাপন্ন অবস্থায় অন্য একজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এভারেস্ট সহ বিশ্বের ৮টি সর্বোচ্চ শৃঙ্গ নেপালে থাকায় প্রতি বছর লাখো বিদেশি পর্যটক ও পর্বতারোহী এখানে ভিড় জমায়। ফলে ছোট কপ্টারই এখানে যাতায়াতের প্রধান ভরসা। তবে দুর্গম পাহাড়, আচমকা আবহাওয়ার পরিবর্তন এবং বাতাসের কম ঘনত্বের কারণে উচ্চ পার্বত্য অঞ্চলে কপ্টার চালানো চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়, যা আরও একবার প্রমাণ করল এই মর্মান্তিক দুর্ঘটনা।