“ভোট হাইজ্যাক করা হয়েছে!” জ্ঞানেশ কুমার ও সীমা খান্নাকে সরাসরি নিশানা করে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পরাজয়ের ক্ষোভ এবং বিতর্ক কিছুতেই থামছে না। ভোটের ফলাফল নিয়ে নিজের অনড় অবস্থানেই বহাল রয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই ভোট কারচুপি এবং নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়াকে নিজের পরাজয়ের জন্য দায়ী করে আসছেন তিনি। বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের পর, বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে ফের এই ইস্যুতে সরব হন তিনি।
এদিন সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান সীমা খান্নাকে তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর অভিযোগ, সীমা খান্না এবং জ্ঞানেশ কুমার গোটা ভোট প্রক্রিয়াটিকে একপ্রকার হাইজ্যাক করে নিয়েছেন।
ভোটের ফল প্রকাশের পর থেকেই মমতা একাধিকবার দাবি করেছেন যে তাঁকে রাজনৈতিক কৌশলে হারানো হয়েছে। তাঁর অভিযোগ ছিল, গণনাকেন্দ্র থেকে তাঁকে এবং তাঁর লোকজনকে জোর করে বের করে দিয়ে বিজেপি প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দিল্লির সাংবাদিক বৈঠকেও সেই পুরোনো অভিযোগই ফের নতুন করে তুলে ধরেন তিনি।
তৃণমূলনেত্রীর দাবি, গণনার শুরু থেকেই অর্থাৎ পোস্টাল ব্যালট গণনা পর্ব থেকেই কারচুপি শুরু হয়েছিল। সেই কারচুপির পর গণমাধ্যমকে প্রভাবিত করে পরিস্থিতি এমনভাবে তৈরি করা হয় যাতে মনে হয় বিজেপি সহজেই জিতছে। আর এটাই ছিল পুরো ঘটনার আসল চিত্র, এমনটাই অভিযোগ করেন তিনি।